পদ্মা সেতু প্রকল্পে চীনা কর্মরতরা করোনা ‘ঝুঁকিমুক্ত’

দেশের সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতুতে কাজ করা সহস্রাধিক চীনা নাগরিক এখন পর্যন্ত করোনা ভাইরাসের ঝুঁকিমুক্ত। তবে যে কোনো ধরনের আশঙ্কা এড়াতে সদ্য চীন ঘুরে আসা প্রকৌশলীদের কাজে যোগ দিতে দেয়া হচ্ছে না বলে জানান প্রকল্প পরিচালক। ভাইরাস সংক্রমণের আশঙ্কায় কাজে কোনো সমস্যা হচ্ছে না বলেও জানান তিনি।

দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মেগা প্রকল্প পদ্মা বহুমুখী সেতুর কাজ এখন বেশ এগিয়ে। পরিকল্পনা অনুযায়ী আগামী বছরের জুনের মধ্যে শেষ করতে হবে কাজ।

প্রকল্পের মূল ব্রিজ আর নদী শাসনের কাজ করছে দুটি চীনা কোম্পানি- চায়না মেজর ব্রিজ ও সিনোহাইড্রো। সেখানে কাজ করছেন দেশটির প্রায় ১ হাজার ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, ফোরম্যান ও কর্মকর্তা । তাদের সঙ্গে মিলে কাজ করছে আরও প্রায় ৬ হাজার বাংলাদেশি।

প্রকল্প সূত্র জানান, নিয়মিতভাবেই এখানে দুটি সরকারি মেডিকেল টিম কাজ করে। তারাই এখন পর্যন্ত কোনো ধরনের ভাইরাস সংক্রমণের প্রমাণ পাননি।

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম বলেন, এখন পর্যন্ত আমাদের এখানে ভয়ের কিছু নেই।

সেতুর ৪১টি স্প্যানের সবগুলোর যন্ত্রাংশই আসছে চীন থেকে। এ কাজ দেখতে নিয়মিত চীনে আসা যাওয়া করতে হয় দুই দেশের প্রকৌশলীদের। তবে দুটি বাদে বাকি সব স্প্যান এর মধ্যেই চীন থেকে চলে আসায় আপাতত চীনে যেতে হচ্ছে না বাংলাদেশি কাউকে। ছুটি কাটিয়ে ঠিক এ সময়টায় যারা ফিরছেন, তাদের আপাতত বিরত রাখা হচ্ছে কাজে যোগ দেয়া থেকে।

শফিকুল ইসলাম বলেন, যারা ২০ তারিখের আগে এসেছেন তাদের আমরা আলাদা করে রেখেছি।

বাংলাদেশে অবস্থানরত চীনা নাগরিকদের মধ্যে ভাইরাস নিয়ে কোনো আতঙ্ক নেই। এর মধ্যেই তারা গত ২৫ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে মাওয়া ইয়ার্ডে উদযাপন করেছে দেশটির নববর্ষ অনুষ্ঠান।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর