শুক্রবার (২৪ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮ টা ৫৫ মিনিটে তুরস্কের পূর্বাঞ্চলীয় ইলজিগ প্রদেশে ৬.৮ মাত্রার এক শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে। এতে এ যাবত ৩৫ জন নিহত ও ১,৫৪৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শক্তিশালী ভূমিকম্পের চব্বিশ ঘন্টা পর আয়শা ইল্ডিজ (৩৫) নামে এক মা এবং ইশরা ইলডিজ নামে তার আড়াই বছর বয়সী কন্যাকে উদ্ধার করা হয়েছে।
মা ও মেয়ে ইলাজিগ শহরের মোস্তফা পাশা পাড়ায় তাদের বাড়ির ধ্বংসাবশেষের নিচে আটকা পড়েছিল। উদ্ধার কর্মীরা প্রথমে মেয়ে ইশরা ইল্ডিজকে উদ্ধার করেছে এবং তার চার ঘন্টা পর মা আয়শা ইল্ডিজকে উদ্ধার করা হয়।
এ উদ্ধার অভিযানটি ভিডিও ক্যামেরায় ধারন করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, উদ্ধার কর্মী দলের একজন সদস্য আয়শা ইল্ডিজকে জিজ্ঞাসা করলেন, “আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন?” তখন আয়শা ইল্ডিজ বলেছেন, “হ্যাঁ,আমি শুনতে পাচ্ছি। দয়া করে আমাকে আল্লাহর সন্তুষ্টির জন্য উদ্ধার করুন,”
এরপর উদ্ধার কর্মী জিজ্ঞেস করেন, “আপনি কি ঠিক আছেন?” আয়শা বললেন, “আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। দয়াকরে দ্রুত আমাকে উদ্ধার করুন।” উদ্ধার কর্মী বললেন, “আমরা খুব দ্রুতই আপনাকে উদ্ধার করবো, ইন শা আল্লাহ”
তখন আয়শা বললেন, “সাথে আমার বাচ্চাও আছে।” এরপর প্রথমে শিশুটিকে উদ্ধার করা হয় এবং পরে তার মা কেও। শিশুটিকে উদ্ধার করার সময় উদ্ধারকারী বলছিলেন, “তোমার মা আসছেন, কেঁদোনা সুইটহার্ট।”- সূত্র: আনাদুলো এজেন্সি
ভিডিও দেখুন এখানে- https://www.facebook.com/watch/?v=904890149913613
বার্তাবাজার/কেএ