বিএনপি নিজেরাই নিজেদের ওপর হামলা করছে : তাপস

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করতে বিএনপির প্রার্থীরা পরিকল্পিতভাবে পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস।

সোমবার রাজধানীর ডেমরা সারুলিয়া এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ফজলে নূর তাপস বলেন, সংঘর্ষ বাধিয়ে সাধারণ মানুষের কাছে নির্বাচনের পরিবেশকে অস্থিতিশীল হিসেবে উপস্থাপন করতে তারা (বিএনপি) পায়তারা করছে। সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে তারা অপরাজনীতির চর্চা করছে। নির্বাচন বানচাল করার চেষ্টায় রয়েছে তারা। নিজেরাই নিজেদের ওপর হামলা করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর দোষ চাপিয়ে দিচ্ছে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। ১ ফেব্রুয়ারি জনগণ ভোটের মাধ্যমে বিএনপির প্রার্থীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব দেবে।

আধুনিক ও সচল ঢাকা গড়তে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়ে আওয়ামী লীগের মনোনীত এই মেয়র প্রার্থী বলেন, ‘ঐতিহ্যের ঢাকা, সচল ঢাকা, সুশাসিত ঢাকা, আধুনিক ঢাকা ও উন্নত ঢাকা গড়তে আমরা অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করবো। যেসব নতুন ওয়ার্ড ঢাকার সাথে যুক্ত হয়েছে সেসব ওয়ার্ডগুলোতে নগরের সব আধুনিক সুবিধা দেয়া হবে।’

নির্বাচনী প্রচারণায় ঢাকাবাসীর স্বতস্ফূর্ত সাড়া পাচ্ছেন জানিয়ে তিনি বলেন, ‘আমাদের রূপরেখা ঢাকাবাসী সাদরে গ্রহণ করেছে। আমরা নির্বাচিত হলে নব্বই দিনের মধ্যে সব নাগরিক সুবিধা দোরগোড়ায় পৌঁছে দেব।’

এর আগে তাপনের নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সকাল থেকে ডেমরা সারুলিয়া এলাকায় জড়ো হতে থাকেন আওয়ামী লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগসহ দলটির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মিছিল ও নানা স্লোগানে তারা মুখরিত করে তোলে আশপাশের এলাকা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর