চট্টগ্রাম বন্দরে সিগারেটের বিরাট চালান আটক

চট্টগ্রাম বন্দরে ১ কোটি ৪০ লাখ ২০ হাজার শলাকার বিদেশি সিগারেটের বিরাট চালান আটক করলো কাস্টম গোয়েন্দা সংস্থা ‘এআইআর’।

রোববার (২৬ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে বিদেশি সিগারেটের কনটেইনারটি আটক করে কাস্টমসের গোয়েন্দা সংস্থা এআইআর (অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ)।

কাস্টম সূত্রে জানা যায়, ‘বাংলা ভিনা’ নামক এক আমদানিকারক সংযুক্ত আরব আমিরাত হতে এক কন্টেইনার শুকনো মাশরুম আনার কথা ছিল। যে কন্টেইনারটি খালাসের দায়িত্বে ছিল সিঅ্যান্ডএফ এজেন্ট খায়ের ব্রাদার্স। কিন্তু মাশরুম আমদানির ঘোষণা থাকলেও কন্টেইনারটি তল্লাশি করে পাওয়া যায় বিদেশি সিগারেটের বিরাট চালান।

রোববার (২৬ জানুয়ারী) সকাল হতে সন্ধা পর্যন্ত বন্দর কর্মকর্তাদের শোভাযাত্রা, সেমিনার ও খাবার দাবার আয়োজনের ব্যস্ততার ফাঁকে এই চালান খালাসের চেষ্টা করা হয়েছিল বলে জানান কাস্টম হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) বিভাগের সহকারী কমিশনার নুর এ হাসনা সানজিদা অনুসুয়া।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে, ৪০ ফুট দীর্ঘ একটি কন্টেইনার খুলে দেখা যায় মাশরুমের পরিবর্তে রয়েছে সব বিদেশি সিগারেট। বিষয়টি নিশ্চিত করা মাত্র চালানটি লক করা হয়েছিলো যাতে কেউ খালাস নিতে না পারে। কিন্তু সেই চালান কিভাবে সিঅ্যান্ডএফ এজেন্ট চট্টগ্রাম বন্দর থেকে ইনডেন্ট বা ছাড়ের অনুমতি নিয়ে খালাসের চেষ্টা করলো সেটি খতিয়ে দেখা হচ্ছে। চালানটি আটকের পর হতে সংশ্লিষ্ট সিএন্ডএফ’র কর্মকর্তারা পলাতক রয়েছে।

উল্লেখ্য, ‘বাংলা ভিনা এন্টারপ্রাইজ’ নামক এক আমদানিকারক সংযুক্ত আরব আমিরাত থেকে ৭৮১ কার্টনে এ মাশরুম আমদানির জন্য ব্যাংক এশিয়ায় ৭৩৩৫ মার্কিন ডলারের ঋণপত্র খুলে। চালানটি মালয়েশিয়ার পোর্ট কেলাং থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছে।

গত ৫ জানুয়ারি চালানটির বিল অব এন্ট্রি জমা দিয়ে ৫ লাখ ৮০ হাজার টাকার শুল্ক পরিশোধ করে আমদানিকারকের নিয়োজিত খায়ের ব্রাদার্স নামক সিঅ্যান্ডএফ এজেন্ট।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর