পহেলা ফেব্রুয়ারি সিটি নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি হবে আশাবাদ ব্যক্ত করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেছেন ইভিএম একটি আধুনিক পদ্ধতি ঢাকাবাসী সেটা সাদরে গ্রহণ করবে।
সিটি নির্বাচনী প্রচারণার ১৭তম দিনে ঢাকার সবুজবাগ থানাধীন বাসাবো ও মায়াকানন এলাকার চার ও পাঁচ নাম্বার ওয়ার্ডে গণসংযোগে মেয়র প্রার্থী এ কথা বলেন।
নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে দাবি করে তাপস বলেন, তিনি ঢাকাবাসীকে যে উন্নয়নের রূপরেখা দিয়েছেন সেটা ঢাকাবাসী গ্রহণ করেছে। পহেলা ফেব্রুয়ারি নৌকার পক্ষে রায় দিয়ে জনগণ তাকে সেবক হিসেবে বেছে নিবেন বলেও আশা প্রকাশ করেন ব্যারিস্টার তাপস।
বক্তব্যের এক পর্যায়ে তিনি করোনাভাইরাস থেকে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান।মাদকমুক্ত তরুণ সমাজ গড়ে তুলতে পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর করা হবে বলেও জানান মেয়র প্রার্থী। তাপস বলেন, ঢাকা হবে সচল ও উন্নত ঢাকা, ঢাকার যানবাহন ব্যবস্থাকে ঢেলে সাজাবেন জানিয়ে তিনি বলেন, পায়ে হেঁটা এবং গাড়ির জন্য আলাদা লেনের ব্যবস্থা করা হবে।
বার্তাবাজার/কে.জে.পি