বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চার দিনব্যাপী অষ্টাদশ প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব। শনিবার (২৫ জানুয়ারি) ঢাকার সাভারের আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা মিলনায়তনে সমাপনী অনুষ্ঠান উদযাপিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ এর সভাপতি ও মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. রুবানা হক।
এর আগে, গত ২২ জানুয়ারি থেকে ৪ দিনব্যাপী ‘১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী’ উৎসব এর শুরু হয়। ঐ দিন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ‘মুজিববর্ষ ‘ উদযাপনের অংশ হিসেবে ১০০টি ঘুড়ি উড়িয়ে ‘১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী’ উৎসব উদযাপনের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান, এমপি।
প্রধান অতিথি ড. রুবানা হক তার বক্তব্যে শিক্ষার্থীদের অনুপ্রেরণাসহ জীবনে প্রতিষ্ঠা লাভের বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন। এসময় তিনি বলেন, “আগামী অর্থ বছরে আমরা বাজেটে প্রস্তাব রাখবো যেন, শ্রমিকদের জন্য আবাসন, গৃহায়ণ ও খাদ্য- এই তিনটি জায়গায় যেন সরকার একটু মনোযোগী হন। শ্রমিকদের জন্য যদি বেশী বরাদ্দ রাখা হয় তাহলে শ্রমিকদের জন্য সুবিধা হবে। এখন বাংলাদেশের শ্রমিকরা বিদেশের কারখানায় কাজ করছে। আর শ্রমিকরা এখন বিশ্ববিদ্যালয়েও পড়ছেন। আগামী ৯ মে প্রায় দশজন শ্রমিক গ্রাজুয়েট করছেন! এটি ইতিহাস সৃষ্টি করবে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে গ্রাজুয়েট করায় সেটা আমাদের জন্য অহংকারের বিষয়।”
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সবুর খানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, উপ-উপাচার্য এবং সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড.এস এম মাহাবুব উল হক মজুমদার,স্থায়ী ক্যাম্পাসের ডিন অধ্যাপক ড. মোস্তফা। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. সৈয়দ আকতার হোসেন,সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড.তৌহিদ ভূইয়া, মাল্টিমিডিয়া ও ক্রিয়েটিভ টেকনোলজি ডিপার্টমেন্টের প্রধান ড.শেখ মোঃ আলায়ার, জেনারেল এডুকেশনাল ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ও স্টুডেন্ট এফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যাবস্থাপনা বিভাগের প্রধান ড. এবিএম কামাল পাশা ও সি আই এস বিভাগের প্রধান মোঃ সরোয়ার হোসেন মোল্লা প্রমুখ।
পরে ড. রুবানা হক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রয়াত মেয়ের আনিসুল হকের নামে ‘আনিসুল হক ভবন’ এর উদ্বোধন করে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাবেক সেনাবাহিনী প্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।
বার্তা বাজার / ডব্লিও.এস