ধ্বংসস্তুপ থেকে অর্ধেক পোড়া বই, খাতা আর পেন্সিল খুঁজছে বস্তির শিশুরা

ছয় মাসের ব্যবধানে আবারো পুড়ল রাজধানীর মিরপুরের চলন্তিকা বস্তি। ভোরে লাগা আগুনে পুড়ে গেছে দেড়শতাধিক ঘর। আহত হয়েছেন রাবেয়া নামে এক নারী। বাসিন্দাদের অভিযোগ, তাদের উচ্ছেদ করতেই বার বার আগুন লাগানো হচ্ছে বস্তিতে। স্থানীয় সংসদ সদস্যের দাবি বস্তিবাসীর অসচেতনতাতেই অগ্নিকাণ্ড।

একদিন আগেও যে স্কুলটিতে তারা দলবেঁধে শিক্ষার আলো নিতে আসতো আজ তা ধ্বংসস্তুপ। আর তাদের বইগুলোও পুড়ে ছাই। তাতেও দমে যায়নি চলন্তিকা বস্তির হতভাগ্য এই শিশুরা। ধ্বংসস্তুপ থেকে অর্ধেক পোড়া বই, খাতা আর পেন্সিল সংগ্রহে মনোযোগ তাদের।

ভুক্তভোগীরা বলছেন, আগে স্কুল ছিল, এখন নেই। আগে স্কুলে আসতাম, পড়তাম, ভালো লাগত। আর বড়দের দুঃশ্চিন্তা মাথা গোঁজার ঠাঁইয়ের বন্দোবস্ত নিয়ে। শুক্রবার ভোর সোয়া ৪ টায় হঠাৎ লাগা আগুনে পুড়ে গেছে হাজারো বস্তিবাসীর সহায় সম্বল।

ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হলেও, ততক্ষণে হতদরিদ্র মানুষগুলো হারিয়েছে তাদের সর্বস্ব। ভুক্তভোগীরা বলছেন, শব্দ পেয়ে ঘুম থেকে উঠছি, দেখি আগুন লাগছে কোনও রকম জানটা নিয়ে বের হয়েছি।

গত বছরের ১৬ আগষ্টও আগুনের সাক্ষী হয়েছিলো চলন্তিকা। বিভীষিকাময় সেই সময় প্রায় ৩ হাজার বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। বার বার বস্তিতে আগুন লাগার ঘটনায় ক্ষুব্ধ বাসিন্দারা। তাদের অভিযোগ জায়গা খালি করতেই এমন অপচেষ্টা।

তবে বস্তিবাসীর এ অভিযোগ নাকচ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি। বললেন বাসিন্দাদের অসচেতনতাই দায়ী অগ্নিকান্ডের জন্য। ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ বলেন, বস্তিবাসীরা সচেতন না। তারা সচেতন হলে এই অগ্নিকাণ্ড হতো না। তাদের একটা মাঠ রেখেছিলাম। তাদের একটা মাঠ রেখেছিলাম। আজ গিয়ে দেখি কোনও কিছু রাখেনি। এদিকে, এ ঘটনায় ক্ষয়ক্ষতি ও কারণ অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর