নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, রাজনীতিতে আমাদের দরকার ভালো মানুষ। আমি হয়তো বেশিদিন আর রাজনীতি করবো না।
বৃহস্পতিবার রাতে শহরের চাষাড়ায় সমবায় ভবনের ষষ্ঠতলায় জেলা আইনজীবী পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী প্যানেলের পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, হয়তো বা এমপি ইলেকশন করবও না। আমি ওপেন বলতেছি। সময় মত ঠিকই অবসর নিয়ে নেব। তারপরও সম্পূর্ণ সিদ্ধান্ত হচ্ছে আমার নেত্রীর। উনি যদি বলেন, করতে করবো, দেশ ছাড়তে হয় ছাড়বো, মরতে যদি বলে মরবো। কারণ উনি আমার মায়ের চেয়েও আমার কাছে কোনো অংশ কম না।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, এখন গণতন্ত্রের চর্চা দেখান! আপনাদের কপাল ভালো। আমরা আল্লাহকে খুশি করার জন্য শেখ হাসিনার কর্মীরা ধৈর্যশীল হয়েছি। যে ভুল আপনারা করছেন, সে ভুল আমরা করি নাই। সো এমন কিছু করবেন না।
পরিচিতি সভায় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সাবেক সাংসদ হোসনে আরা বেগম বাবলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি চন্দন শীল, সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহা, জেলা আদলতের পিপি অ্যাড. ওয়াজেদ আলী খোকন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম ভূইয়া, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. হাসান ফেরদৌস জুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি প্রমূখসহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাড. মোহসীন মিয়া, সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাড. মাহবুবুর রহমানসহ অন্যান্য প্রার্থীরাও উপস্থিত ছিলেন।
বার্তা বাজার / ডব্লিও.এস