ঢাকার সাভারের আশুলিয়ায় বাসের চাপায় উজ্জল হোসেন (৩২) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে আশুলিয়ার ইউনিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত উজ্জল হোসেন চাঁপাইনবয়াবগঞ্জ জেলা সদর থানার নরেন্দ্রপুর গ্রামের বদর আলীর ছেলে। তিনি আশুলিয়ার কুরগাও এলাকার হাজী জামালের বাড়িতে ভাড়া থেকে রাজমিস্ত্রীর কাজ করতেন বলে জানা যায়।
নিহতের সহকর্মীর বরাত দিয়ে পুলিশ জানায়, আজ (শুক্রবার) সকালে নিহত উজ্জল বাসে করে বাইপাইল থেকে ইউনিক যাচ্ছিলেন। পরে ইউনিক বাসস্ট্যান্ডে এসে বাস থেকে নামতেই পেছন দিক থেকে আসা অপর একটি অজ্ঞাত বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, নিহত উজ্জলের মরদেহ উদ্ধার করে তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। নিহতের স্বজনরা থানায় আসলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ঘাতক বাসটিকে চিহ্নিত করার চেষ্টাও চলছে।
সড়ক দুর্ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেঈ জানান তিনি।
বার্তা বাজার / ডব্লিও.এস