‘বিএনপি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চায় না’: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন ‘বিএনপি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চায় না’। শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যেন তাদের ভোটাধিকার সহজে প্রয়োগ করতে পারেন এ জন্যই ইলেকট্রনিক ভোটিং (ইভিএম) মেশিন ব্যবহার করা হচ্ছে। অথচ প্রথম থেকেই বিএনপি ইভিএম বিরোধী বক্তব্য দিয়ে আসছে। এ থেকে বোঝা গেল বিএনপি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চায় না।

ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করা এক মন্তব্যের প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের অভ্যাস এ ধরনের কথা বলা। কারণ ওনারা (বিএনপি) চান না যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক।

তিনি বলেন, বিএনপি যে ভোট কারচুপির রাজত্ব কায়েম করেছিল সেটা থেকে বেরিয়ে আসতেই কিন্তু এই অত্যাধুনিক ইলেকট্রনিক ভোটিং (ইভিএম) মেশিন আনা হয়েছে। এখন বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেই এই প্রযুক্তি গ্রহণ করেছে। এটা জনগনের ভোটাধিকার সহজভাবে প্রয়োগ করার সুযোগ। অথচ এই প্রযুক্তির বিরোধিতা করছে বিএনপি। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেয়া শেষে আইনমন্ত্রী কসবা উপজেলার উদ্দেশ্যে যাত্রা করেন।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার আনিসুর রহমান, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, আখাউড়া উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, পৌর মেয়র তাকজিল খলিফ, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুর কাউছার ভূঁইয়া জীবন, আখাউড়া উপজেলা নির্বাহী র্কমর্কতা তাহমিনা আক্তার রেইনা প্রমুখ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর