রাজধানীজুড়ে ‌’নির্বাচনিদূষণ’: উচ্চশব্দ আর যানজটে নাকাল নগরবাসী

মাইকের তীব্র আওয়াজে নকলসুরে গান। শত শত মানুষের গগনবিদারী স্লোগান। প্রার্থীদের গাড়ির ধুলো, সব মিলিয়ে ঢাকা এখন নির্বাচনি দূষণের নগরী। আর নির্বাচনের প্রচারণায় পুরোনো যানজটের সঙ্গে যোগ হয়েছে নতুন উপদ্রব। বিপরীতে চার মেয়র প্রার্থী দিচ্ছেন দূষণমুক্ত আধুনিক নগরের প্রতিশ্রুতি।

রাস্তার পাশেই হাসপাতাল। অথচ কয়েক ফুট দূরত্বে মাইকে চলছে উচ্চস্বরে প্রচারণা। প্রতিদিনই প্রার্থীরা আধুনিক ও বাসযোগ্য নগর গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন, নির্বাচনি প্রচানায় তারাই করছেন পরিবেশ দূষণ।

যেখানে সেখানে পোস্টার নগরীকে আরও শ্রীহীন করে তুলেছে। দিনের বড় একটা অংশ রাজপথের দখলে থাকে নেতা কর্মীদের। যানবাহনের দীর্ঘ সারিতে ভোগান্তিতে পড়া যাত্রীরাও তাই প্রার্থীদের প্রতিশ্রুতির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলছেন।

শুধু কি তাই? নির্বাচনি প্রচারে কোনো মৌলিক গান তো নেই, বরং অন্যসব গানের সুর নকল করে দিনভর বাজানো হচ্ছে রাজপথে, অলিতে-গলিতে।

তবে ঐতিহ্যগত ভাবে নির্বাচনি প্রচারে এসব রেওয়াজ থাকলেও স্থান-কাল ভেদে তা পরিবর্তন আনা জরুরী বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক তৌহিদুল হক।

তিনি বলেন, প্রার্থীরা নগরবাসিদের যে স্বপ্নের কথা বলছেন তাদের নিজেদের নির্বাচনী প্রচারণায় ামরা সেই স্বপ্নগুলোর বাস্তবায়ন দেখতে চাই। তাহলেই নগরবাসী আশ্বস্ত হবে এবং প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় একটি বিশ্বস্ত ভাব আনতে পারবে।

বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে নির্বাচনি প্রচারে ডিজিটাল প্লাটফর্ম ব্যবহারে জোর দেয়ার পরামর্শও তার। যদিও বুধবার পরিবেশ দূষণ রোধে লেমিনেটেড পোস্টারের ব্যবহার নিষিদ্ধ করেছে আদালত।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর