আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনে করেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক একাত্তরের রক্তের রাখীবন্ধনে আবদ্ধ। তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক মহান মুক্তিযুদ্ধের রক্তের রাখীর বন্ধনে আবদ্ধ। আমাদের মুক্তিযুদ্ধের সময় ভারত যে সারা দুনিয়ায় সলিডারিটি ক্যাম্পেইন করেছে, তা আমাদের ইতিহাসের
অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। গতকাল ঢাকার রেডিসন হোটেলে ভারতীয় ঋণের আওতায় নেওয়া দুটি প্রকল্প বাস্তবায়নে ভারতীয় ঠিকাদারের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। অনুষ্ঠানে ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের বলেন, আমাদের পারস্পরিক অবিশ্বাসের যে দেয়াল ছিল, তা আমরা ভেঙে ফেলেছি। সম্পর্কের নতুন যাত্রা আমরা শুরু করেছি। মুক্তিযুদ্ধ শেষে চলমান সম্পর্কে কখনো কখনো টানাপড়েনও ছিল। কিন্তু এ কথা আজ অস্বীকার করার উপায় নেই যে দ্বিপক্ষীয় অংশীদারিত্বের ভিত্তিতে আমরা সেই সম্পর্ক এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছি। আমাদের প্রধানমন্ত্রী দেশরত শেখ হাসিনা এবং ভারতের জননন্দিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডায়নামিক ক্যারিশমাটিক লিডারশিপের কারণে এটা সম্ভব হয়েছে।
ছিটমহল বিনিময়ের প্রসঙ্গ ধরে তিনি বলেন, সারা দুনিয়ার কোনো ছিটমহল বিনিময় এত শান্তিপূর্ণভাবে হয়েছে বলে আমার জানা নেই। অথচ খুব অল্প সময়ের মধ্যে আশ্চর্য দ্রুততায় ছিটমহলগুলো বিনিময় হয়েছে। এটা বিশাল অর্জন। তিনি আরও বলেন, বিরাজমান কিছু সমস্যা আছে, সেখানেও আমরা যথেষ্ট অগ্রগতি অর্জন করেছি। কোনো সমস্যাই সমাধানের অনতিক্রম্য নয় বলে আমরা মনে করি না। বিশেষ করে যখন দুই প্রধানমন্ত্রীর বোঝাপড়া খুবই ভালো।
অনুষ্ঠানে রিভা গাঙ্গুলী বলেন, ভারতীয় দ্বিতীয় এলওসির আওতায় আজ দুটি প্রকল্পের জন্য চুক্তি স্বাক্ষর হচ্ছে। যথাযথভাবে মান সম্পন্ন উপায়ে এসব প্রকল্প বাস্তবায়িত হবে বলে আমার বিশ্বাস।
চুক্তিকৃত প্রকল্পটি হচ্ছে আশুগঞ্জ নদীবন্দর-সরাইল-ধরখার-আখাউড়া স্থলবন্দর মহাসড়ককে চার লেনে উন্নীতকরণ প্রকল্প। এ সড়কের ৫০ দশমিক ৫৮ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করা হবে। এ প্রকল্পে মোট ব্যয় হবে ৩ হাজার ৫৬৭ কোটি ৮৫ লাখ টাকা। এর মধ্যে ভারতীয় দ্বিতীয় এলওসি থেকে জোগান দেওয়া হবে ২ হাজার ২৫৫ কোটি ৭৭ লাখ টাকা আর বাংলাদেশ সরকারের তহবিল থেকে দেওয়া হবে ১ হাজার ৩১২ কোটি টাকা।
ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এ প্রকল্পটির ১নং প্যাকেজে আশুগঞ্জ নদীবন্দর থেকে সরাইল পর্যন্ত ১২ দশমিক ২১ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করবে। প্রকল্পটির এই প্যাকেজটি ৫৭২ কোটি ৪৫ লাখ টাকায় বাস্তবায়ন করবে।
বার্তাবাজার/এমকে