ভারত নিয়ে উদ্বিগ্ন বিএনপি, গাম্বিয়া সরকারকে ধন্যবাদ

রোহিঙ্গাদের সুরক্ষায় ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের (আইসিজে) সিদ্ধান্তের জন্য গাম্বিয়া সরকারকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি। পাশাপাশি বাংলাদেশের ভারতীয় সীমান্তে সে দেশের সীমান্ত বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় দলটির পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজকের বৈঠকে আমরা গাম্বিয়াকে ধন্যবাদ জানিয়েছি এবং দেশটির সরকারকে অভিনন্দন জানাচ্ছি। তাদের উদ্যোগে আজকে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) তাদের রায় দিয়েছেন, চারটি বিষয়ে মতামত দিয়েছেন।

তারা মিয়ানমারকে বলেছেন যে, জেনোসাইড যেন আর না ঘটে। এজন্য তাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর যেন খারাপ না হয় সেই ব্যবস্থা নিতে হবে। এই মামলার শুনানি ও মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়া যে মামলা করেছে তার বিচারটা চলতে থাকবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘গাম্বিয়ার মামলার জন্য আন্তর্জাতিক আদালত এই রায় আদালত দিয়েছে। এজন্য আমরা দেশটিকে ধন্যবাদ জানাচ্ছি।’

মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে গাম্বিয়ার করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে আইসিজের ১৭ সদস্যের বিচারক প্যানেল বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন এই আদেশ দেন।

গাম্বিয়াকে ধন্যবাদ জানানোর পাশাপাশি ভারতীয় সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে এ রকম হত্যাকাণ্ড বন্ধের দাবি জানিয়েছে স্থায়ী কমিটি।

ভিডিও কনফারেন্সে লন্ডন থেকে যুক্ত হওয়া তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর