চক্ষু চিকিৎসকের নামে প্রতারণা করার অভিযোগে সাতক্ষীরার ঝাউডাঙ্গা এলাকা থেকে আব্দুল মালেক মন্ডল নামের এক ভুয়া ডাক্তারকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় এলাকাবাসী তাকে আটক করে পুলিশ দেন।
সদর উপজেলার ঝাউডাঙ্গা এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, আব্দুল মালেক একজন ভারতীয় নাগরিক। তিনি কালকাতা থেকে চক্ষু চিকিৎসাবিদ্যা গ্রহন করেছেন দাবি করে মাইকিংয়ের মাধ্যমে চিকিৎসা দিয়ে আসছেন। ঝাউডাঙ্গা বাজার, সরসকাটি বাজার, কলারোয়া বাজার, বামনখালি বাজার , বুধহাটা বাজারসহ ১০ টি স্থান রয়েছে তার চেম্বার। কম টাকায় চিকিৎসার নামে তিনি অপচিকিৎসা দিয়ে আসছিলেন বলে গ্রামবাসীর অভিযোগ।
বৃহস্পতিবার সকালে আব্দুল মালেক মাইকিং করে চিকিৎসা দেওয়ার প্রচার চালানোর সময় গ্রামবাসী তাকে চ্যালেঞ্জ করে। এ সময় তিনি স্বীকার করে বলেন, তিনি বাংলাদেশ ক্লাস এইট পর্যন্ত লেখাপড়া করেছেন। এ ছাড়া ভারতের আয়ুর্বেদ শাস্ত্রের কয়েকটি সার্টিফিকেট আছে তার। ভারতীয় এই নাগরিক থাকেন সাতক্ষীরা শহরের মধুমোল্লারডাঙ্গি গ্রামে।
সাতক্ষীরা সদর থানার ভারপপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বার্তা বাজার/এম.সি