কাঞ্চন একাডেমী নির্বাচন: কঠোর নিরাপত্তায় চলছে ভোট গ্রহণ

কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী কামারগ্রাম কাঞ্চন একাডেমী অভিভাবক প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকালে শীতের কারণে উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের সংখ্যা বেড়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে।চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত।

জানা যায়, ব্যাপক আলোচিত এই নির্বাচনকে ঘিরে বিদ্যালয় ও এর চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়,বিদ্যালয়ের প্রধান ফটকে বিপুল সংখ্যক পুলিশ সদস্য সতর্ক অবস্থায় রয়েছেন। তল্লাশি ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বুথের সামনে প্রহরায় রয়েছেন র‌্যাব,ডিবি ও আনসার সদস্যরা। এ ছাড়া নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে সেখানে।

সার্বিক পরিস্থিতি সম্পর্কে বার্তা বাজারকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও নির্বাচনের প্রিজাইডিং অফিসার আব্দুল আওয়াল আকন বলেন, ‘যেকোনো প্রকার অনিয়ম এড়াতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।’

উল্লেখ্য,এই নির্বাচনে ৭৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ৫ টি পদের জন্য নির্বাচনী মাঠে ভোট যুদ্ধে লড়ছেন ১০ জন প্রার্থী।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর