ভোটেও চমৎকার পরিবেশ বজায় থাকবে: আইজিপি

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটারদের আস্থা বজায় রাখার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

তিনি বলেন, ‘এ পর্যন্ত আপনারা দেখেছেন যে, নির্বাচনে উৎসবমুখর এবং সুন্দর একটি পরিবেশ রয়েছে। প্রার্থীরা তাদের প্রচারণা চালাচ্ছেন। আমরা আশা করছি, আগামীতে যে কয়দিন আছে, সে কয়দিন উৎসবমুখর, সুন্দর এবং একটি চমৎকার পরিবেশ বজায় থাকবে।

এ জন্য আমাদের সবার প্রয়োজনীয় ব্যবস্থাপনা ও পরিকল্পনা আছে। আমাদের মেট্রোপলিটন পুলিশ, র‍্যাব, গোয়েন্দা সংস্থাসহ সবাই সমন্বিতভাবে কাজ করছে। আমরা আশা করছি, সুন্দর ও চমৎকার একটি পরিবেশ বজায় থাকবে।’

বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বৈঠক শেষে এ কথা জানান আইজিপি।

বিরোধী পক্ষ ও ভোটাররা আপনাদের ওপর ভরসা রাখতে পারবে কি না- এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘আমরা আগেই বলেছি, এবার উল্লেখ করার মতো কোনো ঘটনা এ পর্যন্ত নেই। ভোটারদের আস্থা এবং বিশ্বাস রাখার জন্য পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করেছে। আমি মনে করছি, শেষ পর্যন্ত আমরা আস্থা বজায় রাখব।’

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর