ঢাকার সাভারের আশুলিয়ায় দুইটি ইটভাটাকে ৪০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল থেকে শুরু হওয়া অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তানজিদ আহমেদ।
জানা যায়, আজ (বুধবার) সকাল ১১টার দিকে আশুলিয়ার পাড়াগ্রাম এলাকার তুরাগ ব্রিকসে অভিযান চালিয়ে ভাটাটি গুঁড়িয়ে দেওয়া হয়। এসময় ওই ভাটার মালিককে ২০ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এছাড়াও, একই এলাকার সনি ব্রিকস নামের ইটভাটাটিকে ২০ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি ভাটার আংশিক ভেঙে দেওয়া হয়। অভিযান পরিচালনা কালে ভ্রাম্যমাণ আদালত ভাটায় ইট পোড়ানোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন।
এব্যাপারে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তানজিদ আহমেদ জানান, বিধি বহির্ভূত ভাবে ভাটা কার্যক্রম চালানোর অভিযোগে তুরাগ ব্রিকস ও সনি ব্রিকস এর মালিকদের উভয়কে ২০ লাখ করে ৪০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তুরাগ ব্রিকসটি সম্পূর্ণ গুড়িয়ে দেয়া সহ সনি ব্রিকস এর আংশিক গুড়িয়ে দেয়া হয়েছে।
অভিযান চলাকালে এসময় পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফুল ইসলাম ও মাহবুবুর রহমানসহ আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।
বার্তা বাজার / ডব্লিও.এস