কুষ্টিয়ার কুমারখালীর ধর্ষণ মামলায় আনসার আলী নামে এক বৃদ্ধের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
আজ বুধবার বেলা ১১টায় কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিশেষ দায়রা আদালতের বিজ্ঞ বিচারক মুন্সী মো: মশিয়ার রহমান আসামীর উপস্থিতিতে এ রায় দেন। আনসার আলী কুষ্টিয়ার কুমারখালী উপজেলার হোগল গ্রামের স্থায়ী বাসিন্দা।
বিগত ২০১৭ সালের ০২ ফেব্রুয়ারী ভিকটিম প্রতিবন্ধী শিল্পী খাতুনকে পাশ্ববর্তী বাড়ীর দক্ষিণ দিকে হোগলা মাঠে মসুরের ক্ষেতে ছাগল তাড়াতে গেলে আনসার আলী তাকে ফুসলে নিকটস্থ গম ক্ষেতের দিকে নিয়ে যায়। প্রতিবন্ধী শিল্পী খাতুনকে টাকা ও বড়ই খাওয়ার প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরে এলাকাবাসী গম ক্ষেত থেকে বিধবস্ত অবস্থায় শিল্পী খাতুনকে উদ্ধার করে।
এ মামলায় দীর্ঘ শুনানী শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারায় আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমানীত হওয়ায় আজ আদালত এ রায় ঘোষনা করেন। রায় ঘোষনার পর আসামীকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
বার্তাবাজার/এমকে