রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সম্মান প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদেরকে বরণ করে নিয়েছ রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (রুরু)। বুধবার সকাল ১২টায় বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে নবীনদের ফুল, কলম-প্যাড দিয়ে বরণ করে নেয়া হয়।
রুরু’র সাধারণ সম্পাদক রিজভী আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য আনন্দ কুমার সাহা ও প্রক্টর ড. লুৎফর রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মশিহুর রহমান, যমুনা টিভির রাজশাহী ব্যুরো চিফ শিবলী নোমান, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক আলী রমজান, সাবেক সভাপতি ও বর্তমান কমিটির উপদেষ্টা মর্তুজা নূর, সাবেক সাধারণ সম্পাদক আলী ইউনূস হৃদয়সহ ইউনিটির সকল সদস্যরা।
রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরাফাত রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. আনন্দ কুমার সাহা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যে আকাঙ্খা, তা অনেক কষ্টে তোমরা পূরণ করেছো।
তার জন্য আমি তোমাদের স্বগত জানাই। তোমরা অবশ্যই মেধাবী। শুধু পড়াশুনা নয়, কালচারাল এবং সামাজিক সংগঠনের সাথে যুক্ত থেকে তোমাদের মেধাকে কাজে লাগাতে হবে। এবং এভাবেই তোমরা নিজেদের প্রতিষ্ঠিত করবে।
বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মশিহুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা হচ্ছে চোখ মুখ খুলার জায়গা। আর বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলো উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে সেই জায়গাটা করে দেবে।
এখানে অনেক কাজ করারও সুযোগ আছে এবং ঘরে বসে থাকারো সুযোগ আছে। আশা করি তোমরা সময়টাকে সঠিকভাবে কাজে লাগাবা। অনুষ্ঠানে রুরু’র সভাপতি বলেন, আমরা মুক্তিযুদ্ধের স্বপক্ষে কাজ করি। আমরা প্রগতিশীলতার চর্চা করি।
প্রগতির কথা বলি। তোমাদের জন্য ইউনিটির দ্বার উন্মুক্ত। বিভাগ থেকে তত্ত্বীয় শিক্ষা অর্জন করবে আর মাঠে কাজ করবে। আর সে কাজের দক্ষতা অর্জনে সহায়তা করবে রিপোর্টার্স ইউনিটি। এর আগে রুরুর সদস্য মারজিয়া আক্তার নবীনদের উদ্দেশ্যে লিখিত মানপত্র পাঠ করেন।
বার্তাবাজার/কেএ