ঢাকার সাভার উপজেলায় বাসাবাড়ীতে অবৈধ গ্যাস সংযোগ গ্রহন ও ব্যবহারের পাশাপাশি অবৈধভাবে বিভিন্ন শিল্প-কারখানাও অবৈধ সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করছে।
ফলে গ্যাসের অপচয়ের পাশাপাশি সরকার যেমন হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব, তেমনি বৈধ গ্রাহকদের বাসাবাড়ীতে প্রয়োজনীয় ‘প্রেসার’ স্বল্পতার অন্যতম কারণ এই অবৈধ গ্যাস সংযোগ।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল অফিস একের পর এক অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করলেও কিছু স্থানীয় জনপ্রতিনিধি সহ একটি অসাধু চক্রের কারণে বন্ধ হচ্ছে না এই অবৈধ গ্যাস সংযোগ।

ঢাকার সাভারের এ/৬, মজিদপুর এলাকার জে. আর. ওয়াশিং প্ল্যান্ট দীর্ঘদিন ধরে তিতাসের বৈধ বিতরণ লাইন থেকে অবৈধভাবে সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করে আসছিলো।
গোপনসূত্রে খবর পেয়ে তিতাসের সাভার জোনাল অফিস এবং সাভারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বুধবার (২২ জানুয়ারি) দুপুর আনুমানিক দেড়টায় বিচ্ছিন্নকরন অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে যে ‘সোর্স পয়েন্ট’ থেকে ওই ওয়াশিং প্ল্যান্টে অবৈধ সংযোগটি নেয়া হয়েছিলো তা সম্পূর্ণরুপে তুলে বন্ধ করা হয়। এসময় অবৈধ গ্যাস সংযোগ গ্রহনের দায়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জে. আর. ওয়াশিং প্ল্যান্ট কারখানাটির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
এব্যাপারে সাভারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ জানান, আজ (বুধবার) দুপুরে সাভারের মজিদপুরে জে. আর. ওয়াশিং প্ল্যান্টকে অবৈধ গ্যাস সংযোগ গ্রহনের দায়ে বাংলাদেশ গ্যাস আইন ২০১০ মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনন অফিস (জোবিঅ) এর ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোঃ সায়েম জানান, জে.আর. ওয়াশিং প্ল্যান্ট নামের কারখানাটি আমাদের বৈধ বিতরণ লাইন থেকে অবৈধভাবে সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করে আসছে এমন খবরের ভিত্তিতে আজ ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে অবৈধ সংযোগটি সম্পূর্ণ ভাবে বিচ্ছিন্ন করা সহ নির্বাহী ম্যাজিস্ট্রেট ৫০ হাজার টাকা জরিমানা করেন। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।
এব্যাপারে, জে. আর. ওয়াশিং প্ল্যান্ট এর জেনারেল ম্যানেজার এর মুঠোফোনে কল করা হলে তিনি বলেন, ‘ আমি আজ সারাদিন কারখানার বাইরে রয়েছি তাই এধরণের কোনো অভিযানের বিষয়ে এখনো পর্যন্ত আমি কিছু জানতে পারি নাই।’
অভিযান চলাকালে এসময় আরও উপস্থিত ছিলেন- তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল অফিসের উপ-ব্যবস্থাপক মহিউদ্দিন আহমেদ, উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, উপ- ব্যবস্থাপক ইদ্রিস আলী, সহ-ব্যবস্থাপকসাকিব বিন আব্দুল হান্নান সহ তিতাসের কারিগরি টিমের সদস্যগণ।
প্রসঙ্গত, অভিযান চলাকালে যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই কারখানা এলাকায় সাভার মডেল থানার উপ-পরিদর্শক নুরুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/কেএ