সারাদেশে আগামী ৫ বছরে ১ কোটি ২৮ লাখ কর্মসংস্থান সৃজনের পরিকল্পনা অনুযায়ী দেশের প্রতিটি উপজেলা থেকে গড়ে এক হাজার জন যুব বা যুব মহিলাকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. শহিদুল আলম।
২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ইশতেহার অনুযায়ী দেশের প্রতিটি উপজেলা থেকে বছরে এক হাজার যুব বা যুব মহিলা কর্মীকে বিদেশে পাঠানোর কথা বলেছিলেন তিনি। তারই ধারাবাকিতায় নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিতের জন্য জনসচেতনতা সৃজনের লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. শহিদুল আলম।
বুধবার (২২ জানুয়ারি) সকাল ১১ থেকে দুপুর ২টা পর্যন্ত দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল আলমের সভাপতিত্বে সচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. শহিদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম।
প্রধান অতিথি অতিরিক্ত সচিব মো. শহিদুল আলম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘প্রতি বছর ২০ লাখের অধিক জনশক্তি শ্রমবাজারে যোগদান করছেন। দেশের অর্থনীতি বছরে ১০ লাখের মত কর্মসংস্থান করতে সক্ষম। বাকি ১০ লাখ লোক বিদেশে কর্মসংস্থানের জন্য ইচ্ছুক।
তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সরকারের সাথে জনবল নেওয়ার জন্য চুক্তি সই করেছেন। প্রধানমন্ত্রীর উদ্যোগে জাপান সরকার ১৫ ক্যাটাগরিতে ২০২৫ সাল পর্যন্ত শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য দেশের প্রতিটি সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বেকারদের প্রশিক্ষণের মাধ্যমে লোক পাঠানো হবে। এই পদ্ধতিতে কর্মীকে কোন প্রকার অভিবাস ব্যয় বহন করতে হবে না। জাপান ছাড়াও বিশ্বের আরো কয়েকটি দেশে বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগের কথা বলেছেন তিনি। বর্তমানে বাংলাদেশ থেকে ১৭৩ টি দেশে ১ কোটি ২০ লক্ষ্যের অধিক বাংলাদেশী কর্মী বিভিন্ন কাজে নিয়োজিত আছেন বলেও তিনি জানান।’
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম। সম্মেলনে অংশগ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, সাংবাদিক, রাজনৈতিক ও বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীগণ।
বার্তাবাজার/কে.জে.পি