আয়াতুল্লাহ একাই চালাচ্ছেন নির্বাচনি প্রচারণা

ব্যানার- পোস্টার সাঁটানোসহ কখনও কখনও একাই করেন নির্বাচনি প্রচারণা। অভিযোগ বড় রাজনৈতিক দলের নেতা বা স্থানীয়দের কাছ থেকে অসহযোগিতার। তারপরেও ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনে জয়ের আশা নিয়েই লড়ছেন আকতারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ।

নানান প্রতিশ্রুতির পাশাপাশি আয়াতুল্লাহ বলছেন তার সবচেয়ে বড় চিন্তা বা পরিকল্পনা নগরের ব্যাচেলরদের নিয়ে।

ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী আয়াতুল্লাহ- নিজ হাতে লাগানো ব্যানারের সামনে দাড়িয়ে থাকার একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এখন একটি পিকআপভ্যানে করে চলছে তার প্রচারণা। নির্বাচন ঘনিয়ে আসায় প্রচারণায় গতি আনার চেষ্টা থেকেই পিকআপ ভ্যানটি ভাড়া করেছেন বলে জানান দক্ষিণ সিটির এই মেয়র প্রার্থী।

বাংলাদেশ কংগ্রেস এর মেয়রপ্রার্থী আখতারুজ্জামান আয়াতুল্লাহ বলেন, “আমি বলেছি আমার সকলের ভোট চাই। সবাইকে সালাম জানাই। কেউ আমার কথা শুনছেন, কেউ বা হেও করছেন।‘

তিনি জানান, সাংবাদিকতা এবং লেখালেখির পাশাপাশি দীর্ঘসময় রাজধানীর সুবিধাবঞ্চিত ব্যাচেলরদের নিয়ে কাজ করেছেন। বাংলাদেশ মেস সংঘ নামে একটি সংগঠনের মহাসচিবও আয়তুল্লাহ।

আসন্ন সিটি নির্বাচনে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী আয়াতুল্লাহর রয়েছে বেশ কিছু প্রতিশ্রুতি। তিনি বলেন, “ঢাকা শহর কখনো দূষিততে এক নম্বর , কখনো দুই নম্বর হচ্ছে, কেউ বলছে বসবাসের অযোগ্য। আমি এই শহরকে স্বাস্থ্যসম্মত করতে চাই।”

ঢাকা দক্ষিণ সিটিতে এ নিয়ে পর পর দুই বার মেয়র নির্বাচন করছেন আয়াতুল্লাহ। এর আগে কাউন্সিলর পদে নির্বাচন করার অভিজ্ঞতাও আছে তার। প্রথমবারর লাউ প্রতীক নিয়ে নির্বাচন করে ভোট পান ৩৬৫টি। এবার আসন্ন নির্বাচনে লাখ টাকার বিনিময়ে কেনা মনোনয়নপত্রে ভোটাররা তাকে হতাশ করবেন না বলে আত্মবিশ্বাসী তিনি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর