প্রেমিকের বাসায় প্রেমিকার ফাঁস

রাজধানীর পূর্ব রামপুরায় মাদকাসক্ত প্রেমিকের বাসায় গিয়ে গলায় ফাঁস দিয়ে এক তরুণী আত্মহত্যা করেছেন। এই ঘটনার পরে ওই প্রেমিক পালাতক রয়েছে। নিহত তরুণীর নাম জয়নব (২৫) এবং প্রেমিকের নাম কমল (৩৫)।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে ওই তরুণী নয়নের বাসায় গিয়ে তার সঙ্গে প্রথমে ঝগড়া করে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়। পরে পলাতক কমলের বড় বোন নয়ন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টায় তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘জিজ্ঞেসাবাদের জন্য উদ্ধারকারী নয়ন নামের ওই নারীকে আটক করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ তদন্ত করছেন। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

পলাতক কমলের বোন নয়ন জানান, তাদের দুই ভাই এবং দুই বোনের মধ্যে কমল সবার ছোট। পূর্ব রামপুরার ৮ম তলা ভবনের ৪র্থ তলার ওই ফ্ল্যাটে এক ভাই এক বোন ও তাদের বাবা-মা থাকেন। কয়েক বছর আগে কমলের বিয়ে হয়েছিল। তাদের সংসারে একটি মেয়ে সন্তান রয়েছে। কমল মাদকাসক্ত হওয়ায় এক বছর আগে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়।

তিনি আরও জানান, বাসার একটি কক্ষে থাকতেন কমল। অধিকাংশ সময় তিনি বাইরে থাকতেন। আর বাসার তার রুমটি বন্ধ থাকতো। দুপুরে ওই মেয়েটিকে নিয়ে বাসায় আসেন কমল। এ সময় বাসায় শুধু তার বৃদ্ধা মা ছিলেন। সম্ভবত ওই মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। এ সময় তাদের দু’জনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে কমল রাগ করে বাসা থেকে বের হয়ে যান। এরপর ওই মেয়ে কমলের রুমে ঢুকে দরজা বন্ধ করে ভেতর দিয়ে ছিটকিনি লাগিয়ে দেন। তখন বৃদ্ধা মা তাকে ডাকাডাকি ও বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হন।

নয়ন আরও বলেন, এর মধ্যে বাজার থেকে বাসায় ফিরে এসব শুনে দরজা খোলার জন্য আরেকজনের সহযোগিতা নেন তিনি। দরজা খোলার পর জয়নবকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলতে দেখেন তারা। সঙ্গে সঙ্গে উদ্ধার করে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর