পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন লেহাজ উদ্দিন (৫০) নামে এক সবজি ব্যবসায়ীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় প্রতিপক্ষের লোকজন নারীসহ আরো দুইজনকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করেছে বলেও অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পরশি এলাকায় এ ঘটনা ঘটে।

সবজি ব্যবসায়ী লেহাজ দ্দিনের ছেলে সোহেল রানা জানান, তার সঙ্গে একই এলাকার ফরিদ উদ্দিন, নিজাম উদ্দিন, আকাশ, হালিমা বেগমের পারিবারিক বিষয় নিয়ে বেশকিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার দুপুরে প্রতিপক্ষের লোকজনসহ অজ্ঞাত ৩/৪ জন দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে সোহেল রানার বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।

এসময় সোহেল রানার বাবা সবজি ব্যবসায়ী লেহাজ উদ্দিন গালিগালাজ করতে নিষেধ করায় প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাথারিভাবে পেটাতে থাকে। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন লেহাজ উদ্দিনকে চাপাতি দিয়ে কোপিয়ে গুরুতর আহত করেন। এসময় সোহেল রানা ও তার বোন নিলা আক্তার বাঁচাতে এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাদের লোহার পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। হামলাকারী নিলা আক্তারকে শ্লীলতাহানি ঘটায়।

এসময় হামলাকারীরা নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন হুমকি ধামকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এ ঘটনায় সোহেল রানা বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যে বলে দাবি করেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানা তদন্ত ওসি জসিম উদ্দিন বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর