ইরাকে রাজনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভ, পুলিশ কর্মকর্তাসহ নিহত ৬

ইরাকে আবারও রাজনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে। আবারও সহিংসতা হয়েছে। ইরাকের তিনটি শহরে ২ পুলিশ কর্মকর্তাসহ ৬ বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। এদের মধ্যে বাগদাদে দুই জন, উত্তরাঞ্চলীয় বাকুবাহতে দুই জন আর দক্ষিণাঞ্চলের কারবালাতে নিহত হয়েছেন এক জন।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, বাগদাদের তায়ারান চত্বরে পুলিশ কয়েক রাউন্ড তাজা গুলি নিক্ষেপ করলে তিন বিক্ষোভকারী নিহত হন। অন্যদিকে কারবালায় পুলিশের গুলিতে আরেক বিক্ষোভকারী নিহত হন। কাঁদানে গ্যাস ও স্টান গ্রেনেডের জবাবে পুলিশের দিকে পেট্রোল বোমা ও পাথর নিক্ষেপ করেন সরকারবিরোধীরা।

বসরায় বিক্ষোভের সময় একটি বেসরকারি গাড়ি চাপায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। চালক সরকারবিরোধীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের স্থানটি এড়িয়ে যেতে চাইলে দুই পুলিশ গাড়ির নিচে চাপা পড়েন।এদিকে সহিংস উপায়ে বিক্ষোভ দমন যেকোনও মূল্যে এড়ানোর আহ্বান জানিয়েছে ইরাকে নিযুক্ত জাতিসংঘ দূত।

কর্মসংস্থানের সংকট, নিম্নমানের সরকারি পরিষেবা এবং দুর্নীতির অভিযোগ তুলে গত বছরের সেপ্টেম্বর থেকে বাগদাদের রাজপথে নামেন কয়েক হাজার বিক্ষোভকারী। ডিসেম্বরের শুরু পর্যন্ত এই বিক্ষোভে এখন পর্যন্ত নিহত হয়েছেন চারশোর অধিক মানুষ। বিক্ষোভের জেরে প্রায় দুই মাস আগে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর