কেন্দ্র সচিবদের সাথে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মতবিনিময় সভা

২০২০ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে করার লক্ষ্যে কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভার আয়োজন করলো চট্টগ্রাম মাধ্যম ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড।

সোমবার (২০ জানুয়ারি) চট্টগ্রাম শিক্ষাবোর্ড মিলনায়তনে এসএসসি পরীক্ষা নিয়ে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় সুষ্ঠু সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠান নিয়ে নানান আলোচনা হয়।

সভায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর আবদুল আলীম বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এসএসসি পরীক্ষা চলাকালীন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক বেআইন কাজে জড়িত থাকলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে পরীক্ষা বাতিলের মতো সিদ্ধান্ত নেবে শিক্ষাবোর্ড।

তিনি বলেন, পাবলিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদন করা একটি দলগত কাজ। দলের কেহ কোন অনিয়ম করলে গোটা পরীক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের মেধা প্রশ্নবিদ্ধ হয়। তাই সবাইকে প্রশ্নপত্র খোলা, বিতরণ, উত্তরপত্র সংগ্রহসহ পরীক্ষা সংক্রান্ত সকল কাজ সতর্কতার সঙ্গে করতে হবে। যার যার কাজ সৎ ও সতর্কতার সঙ্গে করতে হবে।

তিনি আরো বলেন, “পাবলিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদন করতে কেন্দ্র সচিবদের ভূমিক অগ্রগণ্য। এ ক্ষেত্রে কোনো অনিয়ম, অবহেলা শিক্ষাবোর্ড সহ্য করবে না। যারাই অনিয়মের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে চাকরি থেকে বরখাস্তসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ। কেন্দ্র সচিবদের সচেতনার সহিত দায়িত্ব পালনের আহবান জানিয়ে তিনি বলেন, “নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এছাড়া ট্রেজারি শাখা থেকে প্রশ্ন কেন্দ্রে নেওয়া, কেন্দ্রে প্রশ্নপত্র খোলা থেকে সমস্ত কাজে যাতে সমন্বয় থাকে তা নিশ্চিত করতে হবে।”

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ জাহেদুল হক, বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) তাওয়ারিক আলমসহ বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর