ধামরাইয়ে মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকার অদূরে ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় আজিজুল হক (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২০ জানুয়ারি) বিকাল ৫ টার দিকে উপজেলার কালামপুর-সাটুরিয়া সড়কের জালসা বউ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজিজুল হক ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের বালিয়া পাড়া জালসা এলাকার মৃত বছির উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার বিকালের দিকে ধামরাইয়ের জালসা এলাকা থেকে দুই মোটরসাইকেল আরোহী কাওয়ালীপাড়া যাচ্ছিলেন। তারা জালসা বউ বাজার এলাকার আঞ্চলিক সড়ক থেকে সাটুরিয়া আঞ্চলিক সড়কে ওঠার সময় সাটুরিয়াগামী একটি ড্রাম ট্রাক পিছন থেকে এসে তাদের ধাক্কা দেয়। এতে নিহত আজিজুল হক মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। তবে এঘটনায় মোটরসাইকেল চালক সামান্য আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এব্যাপারে ধামরাই থানার কাওয়ালী পাড়া বাজার তদন্ত কেন্দ্রের পরিদর্শক রাসেল মোল্লা জানান, নিহতের মরদেহ উদ্ধার করে তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে ট্রাকটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে যায় বলেও জানান তিনি।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর