যশোর-বেনাপোল মহা সড়কের নতুন হাট এলাকা থেকে ৯৪ পিস স্বর্ণের বার ও একটি প্রাইভেট কারসহ তিনজনকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটক স্বর্ণের ওজন ১০কেজি ৯৩৫গ্রাম,যাহার বর্তমান বাজার মূল্য ৬ কোটি ৬০ লক্ষ টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার(১৯শে জানুয়ারি)দিবাগত রাত আড়াইটার সময় যশোর নতুন হাট এলাকায় একটি প্রাইভেট কার তল্লাশী করে এসব স্বর্ণসহ তিনজনকে আটক করেছে বিজিবি সদস্যরা।আটককৃত ব্যক্তিরা হলেন,শার্শা উপজেলার দুর্গাপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে জাহিদুল ইসলাম,একই উপজেলার আমলাই গ্রামের আনারুল ইসলামের ছেলে ইয়াকুব আলী ও কুমিল্লা জেলার দাউদকান্দির নলচক গ্রামের মনির হোসেনের ছেলে দেলোয়ার হোসেন। সোমবার(২০শে জানুয়ারি)বিকালে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
যশোর ৪৯ বিজিবি’র অধিনায়ক লেঃকর্নেল সেলিম রেজা জানান, বিজিবির সুবেদার মিজানুর রহমানের নেতৃত্বে একটি টহল দল গত রাত আড়াইটার দিকে যশোর-বেনাপোল মহা সড়কের নতুনহাট এলাকায় বেনাপোল সীমান্তমুখী একটি প্রাইভেট কার(ঢাকা মেট্রো গ-৪৩-৪২২৯)তল্লাশী চালায়।এসময় তারা প্রাইভেট কারটি থেকে ৯৪ পিস স্বর্ণের বার উদ্ধার করে।যার ওজন ১০ কেজি ৯৩৫ গ্রাম। উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য ছয় কোটি ষাট লাখ টাকা বলে জানান ৪৯ বিজিবির অধিনায়ক।এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।
বার্তা বাজার / ডব্লিও.এস