নিজের দেশকে কে না ভালোবাসেন। দেশের পরই এই ভালোবাসার স্থান সবচেয়ে বেশি দখল করে জন্মস্থান বা নিজের উপজেলা। যেখানে বেশিরভাগ মানুষ কাটান নিজেদের শৈশব, কৈশোর। গ্রামের কাদামাটি গায়ে মেখে আর আলো বাতাস গায়ে জড়িয়েই কাটানো হয় জীবনের প্রথম অংশ।
জীবন কিংবা জীবিকার তাগিদে একসময় প্রিয় জন্মস্থান ছেড়ে অনেককেই পাড়ি জমাতে হয় অন্যত্র। কিন্তু গ্রামের প্রতি টান সবসময়ই থেকে যায়। ওই যে শেকড়ের টান বলে কথা। যারা জীবনের বাকিটা সময়ও জন্মস্থানে কাটান তাদের ভালোবাভাসা থাকে আরেকটু গভীর।
নিজের শহর, নিজের জন্মস্থান সর্বোপরি নিজের উপজেলাকে সবার সামনে তুলে ধরতে চান কেউ কেউ। এমনই কয়েকজন তরুণ নিজ উপজেলা চিরিরবন্দরকে দেশসহ পুরো বিশ্ববাসীর কাছে তুলে ধরতে একটি ফেসবুক গ্রুপ খুলেছিলেন। ২০১৭ সালের জানুয়ারিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘চিরিরবন্দর প্রতিদিন’ নামের গ্রুপটি খোলা হয়।
“চিরিরবন্দরকে চিনি” বিশ্বকে জানাই’ স্লোগানে যাত্রা শুরু করে ফেসবুক গ্রুপটি। শুরুর দিকে চিরিরবন্দর এর বিভিন্ন স্থানের ছবি, ঐতিহ্যবাহী স্থান ইত্যাদি কথা ও লেখা শেয়ার করা হতো গ্রুপটিতে। এক সময় গ্রুপের সদস্য সংখ্যা বাড়তে থাকে। ২০১৮ সাল থেকে একটি সংগঠনের আকারে গ্রুপটি সমাজ সেবামূলক কাজ করা শুরু করে।
চিরিরবন্দর ভিত্তিক আয়োজন করে থাকে গ্রুপটি। এর মধ্যে রয়েছে দুই ঈদে দরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী ও পোষাক বিতরণ, শীতবস্ত্র দান, রক্তদান ইত্যাদি। সম্প্রতি চিরিরবন্দর উপজেলার বিভিন্ন বাজার ঘুরে পাহারাদার এবং দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে ‘চিরিরবন্দর প্রতিদিন’ গ্রুপটি।
গ্রুপ ও গ্রুপের কার্যক্রম নিয়ে কথা হয় গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মাহাফুজুল ইসলাম আসাদ এর সঙ্গে। তিনি বলেন, ‘সমাজের দরিদ্র মানুষগুলোর প্রতি আমাদের সবারই দায়বদ্ধতা আছে। আমরা সবাই যদি একটু একটু করে এগিয়ে আসি, তাহলে এই পথশিশু, শীতার্ত মানুষদের কষ্ট একটু হলেও কমানো সম্ভব। আসুন, আমরা সবাই একটু করে এগিয়ে আসি। আমরা ভালো থাকি, আশেপাশের মানুষও ভালো থাকুক। নিজেকে ভালোবাসুন, সকলকে ভালোবাসুন।’
গ্রুপের সাধারন সম্পাদক রেজওয়ানুল হক রোকন বলেন, ‘আমাদের গ্রুপ কিংবা আমাদের মাধ্যমেই যে অসহায় মানুষদের সাহায্য করতে হবে তা নয়। যে যার অবস্থান থেকে যেভাবে পারে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াক। আমরা এমন আয়োজন এজন্যই করি যেন অন্যরাও আমাদের দেখে সমাজ সেবামূলক কাজে উদ্বুদ্ধ হয়। আমরা চাই অন্যরাও যেন ভালো কাজে এগিয়ে আসে। যে যার অবস্থান থেকে এগিয়ে আসুক, সেটাই চাই আমরা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্রুপের অন্যতম এ্যাডমিন ভরত প্রত্যয় রায়, গোলাম মোস্তফা নিরব, মনিরুজ্জামান মনি প্রমূখ।
‘শীত বস্ত্র বিতরণ কার্যক্রম ২০২০’ এর মানবিক কার্যক্রমে অর্থনৈতিক সহায়তা অথবা আপনার ব্যবহৃত পুরনো কাপড় দিয়ে অংশগ্রহণ করতে পারেন আপনিও।
উল্লেখ্য গতকাল ১৯শে জানুয়ারি দিবাগত রাত ১ টায় চিরিরবন্দর উপজেলার ১০ টি বাজারের পাহারাদারদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন চিরিরবন্দর প্রতিদিন গ্রুপ।
বার্তাবাজার/এমকে