৩০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বহন করা যাবে না বৈধ অস্ত্র

ঢাকার দুই সিটি করপোরেশন (ডিএনসিসি-ডিএসসিসি) নির্বাচনকে ঘিরে সংশ্লিষ্ট এলাকায় আগামী ৩০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বৈধ অস্ত্র বহন ও প্রদর্শন করা যাবে না। ১ ফেব্রুয়ারি নির্বাচনের দিন ঢাকা মহানগর এলাকায় কোনো মোটরসাইকেল, ট্যাক্সিক্যাব ও ট্রাক চলবে না। সীমিত আকারে চলবে গণপরিবহন।

রোববার (১৯ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ডিএনসিসি-ডিএসসিসি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আয়োজিত শৃঙ্খলা সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সভায় সভাপতিত্ব করেন।

আগামী ১ ফেব্রুয়ারি দুই সিটির ১৭২টি ওয়ার্ডে ২ হাজার ৪৮৬টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ হবে।

আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভায় সিদ্ধান্ত হয়, প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। স্বাভাবিক নিরাপত্তার পাশাপাশি ভোটকেন্দ্রে মোবাইল টহল, গোয়েন্দা টিমসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা থাকবে। প্রতি সিটি করপোরেশন এলাকায় দুইটি করে সাব-কন্ট্রোল রুম থাকবে।

তাছাড়া নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী আইন-শৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা করবে।

পুলিশের পাশাপাশি বিজিবি ও আনসার প্রস্তুত থাকবে এবং স্ব-স্ব দায়িত্ব পালন করবে। ভোট কেন্দ্র এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।

সভায় বলা হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরস্বতী পূজার অনুষ্ঠানের ব্যাপারটি বিবেচনা করে নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ৩০ জানুয়ারি থেকে পিছিয়ে ১ ফেব্রুয়ারি করেছেন। এ ব্যাপারে নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। সাইবার ক্রাইম নিয়ন্ত্রণে সোশ্যাল মিডিয়া মনিটরিং করা হচ্ছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর