দিনাজপুরের পূণর্ভবা নদী থেকে এক সদ্যজাত কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে কোতয়ালি থানা পুলিশ।
রবিবার দুপুর আড়াইটার সময় বালুয়াডাঙ্গা পূণর্ভবা নদীর ব্রীজের নীচ বালু চাপা দেয়া অবস্থায় সদ্যজাত কন্যা শিশুর লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, একটি প্রিন্টের কাপড়ে মোড়ানো অবস্থায় লাশটি সকাল থেকে নদীর পানিতে ভাসলেও পুলিশ লাশটি দুপুর আড়াইটার সময় বালুতে চাপা দেয়া অবস্থায় উদ্ধার করে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বালুয়াডাঙ্গা পূণর্ভবা নদীর ব্রীজের নীচ নদীর বদ্ধ পানিতে কেবা কারা রাতের আধারে একটি সদ্যজাত শিশু কন্যার লাশ প্রিন্টের কাপড়ে মোড়ানো অবস্থায় ফেলে দিয়ে যায়। সকালে কাপড়ে মোড়ানো একটি পোটলা কুকুর পানি থেকে তুলে টানা হেচড়া করছিল। এ সময় স্থানীয় শিশুরা দেখতে পেয়ে কুকুর গুলোকে তাড়িয়ে দেয়। কাছে গিয়ে তারা সদ্যজাত শিশুর লাশ দেখতে পায়। এক পর্যায খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ সদ্যজাত শিশুর লাশ দেখতে ভিড় জমায়।
এদিকে সকাল থেকে দুপুর পর্যন্ত সদ্যজাত শিশুর লাশটি উদ্ধারের জন্য পুলিশ না আসায় স্থানীয় এক যুবক লাশটি পলিথিনে মুড়িয়ে নদীর বালুতে চাপা দেয়। পরে দুপুরে পুলিশ খবর পেয়ে সদ্যজাত শিশুটির লাশ বালুর নীচ থেকে উদ্ধার করে নিয়ে যায়।
দিনাজপুর কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, নবজাতকের লাশটি ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষ না হলে এবিষয়ে তেমন কিছুই বলা যাচ্ছে না।’
বার্তা বাজার / ডব্লিও.এস