বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) স্নাতক ১ম বর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
ওরিয়েন্টেশন কর্মসূচি বাস্তবায়ন কমিটি সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২ টায় শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহিবুল হাসান চৌধুরী (এম.পি) বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা জনগণের টাকায় শিক্ষা অর্জন করে। এ শিক্ষা দেশের কল্যাণে কাজে লাগানোই বর্তমান সরকারের লক্ষ্য। এবার ৫০% এর চেয়েও বেশি ছাত্রী ভর্তি হওয়া প্রমাণ করে নারী শিক্ষার অগ্রগতিতে সরকারের আন্তরিকতা ও সাফল্য।
বাকৃবির উদ্দেশ্যে তিনি বলেন, মানুষের প্রাথমিক চাহিদা খাদ্যের অভাব পূরণে বাকৃবির অবদান সবচেয়ে বেশি। কৃষি, কৃষি অর্থনীতি, কৃষি প্রযুক্তি নিয়ে যত গবেষণা হয়েছে, দারিদ্রতা নিরসনেও অবদান রাখতে হবে। জ্ঞানার্জনের জন্য, গবেষণার জন্য, উন্মুক্ত পরিবেশে তথ্য প্রযুক্তির মাধ্যমে কৃষিপণ্যকে কতটা সহজলভ্য করা যায়, তা নিয়ে চিন্তা করতে হবে।
ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. ছোলায়মান আলী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী (এম.পি)। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো জসিমউদ্দিন খান এবং রাজনৈতিক বিশ্লেষক ও মিডিয়া ব্যাক্তিত্ব সুভাষ সিংহ রায়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) চত্বরেই বঙ্গবন্ধু কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদার কথা ঘোষণা করেন। তিনি বলেছিলেন ‘আমি তোদের সম্মান দিলাম তোরা তার মর্যাদা রাখিস’। সেই মর্যাদাকে সমুন্নত রেখেছে কৃষিবিদ গ্র্যাজুয়েটরা। যেখানে মানুষ আগে তিন বেলা অন্ন যোগান করতে পারতো না সেই বাংলাদেশ আজকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশের চাহিদা মিটিয়ে বাংলাদেশ আজ খাদ্য বিদেশেও রপ্তানি করছে।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন- ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. নুরুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল হক। এ সময় নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এমকে