কক্সবাজারের টেকনাফে বিজিবির সাথে বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা মাদক কারবারী নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩ বিজিবি সদস্য। ঘটনাস্থল হতে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ইয়াবা ও অস্ত্র।
রবিবার (১৯জানুয়ারী) রাতে নাফনদী সংলগ্ন জাদিমুরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাদক কারবারী উখিয়া উপজেলার কুতুপালং ২নং ক্যাম্পের ব্লক-ডি-৪ এর বাসিন্দা মোঃ জামাল হোসনের ছেলে মোঃ আয়াস (২৫) বলে নিশ্চিত করেছেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
তিনি জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা সীমান্ত দিয়ে পাচারের গোপন সংবাদের ভিত্তিতে রবিবার জওয়ানরা ওই এলাকায় অবস্থান নেয়। এসময় নাফনদী সংলগ্ন লালদ্বীপ হয়ে একটি নৌকা যোগে কয়েকজন লোক বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। এমন সময় বিজিবির উপস্থিতি দেখে তারা বিজিবিকে লক্ষ করে গুলি ছূঁড়ে। এতে ৩ বিজিবি সদস্য আহত হলে বিজিবিও পাল্টা গুলি ছোঁড়ে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ঘটনাস্থল হতে গুলিবিদ্ধ এক ব্যক্তিসহ ২ লাখ ২০ হাজার পিচ ইয়াবা, ১টি নৌকা, ১টি দেশীয় তৈরী বন্দুক, ১ রাউন্ড তাঁজা এবং ১ রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক কারবারীকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান।
বিজিবি অধিনায়ক আরো জানান, লাশ মর্গের প্রেরন করা হয়েছে। এই ঘটনায় আইনী প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
বার্তা বাজার / ডব্লিও.এস