কোহিনূর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী উদযাপন

৫০ বছরে পা দিয়ে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার রায়দক্ষিন কোহিনূর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছে। এই সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান উপলক্ষে শনিবার বিকেলে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য,আন্তর্জাতিক কণ্ঠশিল্পী মমতাজ বেগম এমপি। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মাদরাসার ব্যাপক উন্নয়ন করেছেন। সেই সাথে আমাদের শিক্ষার মান আরও বাড়াতে কাজ করে যাচ্ছেন। বাল্যবিয়ে বন্ধ করে মেয়েদের লেখা-পড়ার সুযোগ দিতে হবে। এছাড়া সমাজকে মাদকমুক্ত করতে সকলকে কাজ করতে হবে।

আতিকুর রহমান চারু মিয়ার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান ড. রেজুয়ান হোসেন ভূইয়া, প্রভাসী কল্যাণ মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব মোজাফ্ফর আহাম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা, সাবেক উপজেলা চেয়ারম্যান আবিদুর রহমান খাঁন রোমান, বিদ্যালয়ের উদ্যোক্তা আনোয়ার উদ্দিন খাঁন কামাল,বিশিষ্ট সমাজ সেবক মোসলেম উদ্দিন খাঁন সেলিম, ইউপি চেয়ারম্যান ইঞ্জি.শাহাদাৎ হোসেন প্রমুখ।

এরআগে সকালে স্কুল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন শিক্ষক, শিক্ষার্থী ও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানের শেষের দিকে বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানে গান ও মনোমুগ্ধকর নৃত্য পরিবেশিত হয়।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর