সিরাজগঞ্জে বঙ্গবন্ধু এসপিএল টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার। শনিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম, সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমদাদুল হক এমদাদ ও আয়োজক কমিটির আহবায়ক মারুফ সিরাজী প্রমূখ।
উদ্বোধনী খেলায় সিরাজগঞ্জ টাইগার্স বনাম সিরাজগঞ্জ স্টার প্রতিদ্বন্দ্বিতা করছে। এ ম্যাচে সিরাজগঞ্জ টাইগার্সের পক্ষে জাতীয় দলের খেলোয়াড় এনামুল হক বিজয় ও নাসির হোসেন এবং সিরাজগঞ্জ স্টারের হয়ে খেলছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
এ বছর ৬টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। সিরাজগঞ্জ টাইগার্স ও সিরাজগঞ্জ স্টার ছাড়া বাকীদলগুলো হলো সিরাজগঞ্জ লায়ন, সিরাজগঞ্জ সিক্সার, স্বাধীন সিরাজগঞ্জ ও সিরাজগঞ্জ ভাইকিংস। ফাইনালসহ ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে৷ আগামী ৭ ফেব্রুয়ারী ফাইনাল খেলার মধ্য দিয়ে তৃতীয় আসরের সমাপ্তি ঘটবে।