জুতা সেলাইয়ের ফাঁকে ছেলের জীবন উজ্জ্বল করতে ব্যস্ত বাবা

নিজে জুতার কালি, সেলাইয়ের সুঁই-সুতা হাতে তুলে নিলেও নিজের ছেলেমেয়ে যেন তার মতো কষ্ট না করে সে জন্য এগিয়ে যাচ্ছেন এই বাবা। ছেলেকে ভর্তি করিয়েছেন স্কুলে। অন্যের জুতা চকচকে করে তোলার পাশাপাশি নিজের ছেলের জীবনটাও উজ্জ্বল করার অদম্য ইচ্ছা তার। তার নাম প্রাণেশ রিসি।

কথা হয় তার সাথে। প্রাণেশ জানান, ফরিদপুর থেকে জীবনের তাগিদে ঢাকায় এসেছেন। থাকেন মিরপুর-১৪ নম্বরে। সেখান থেকে প্রতিদিন সকালে এক হাতে জুতার কালি, সারাইয়ের প্রয়োজনীয় সরঞ্জাম, আরেক হাতে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েন।

সেগুনবাগিচায় দীর্ঘ দিন ধরে মুচির কাজ করে আসছেন তিনি। ছেলেকে ভর্তি করিয়েছেন সেগুনবাগিচা প্রাইমারি স্কুলে। তার নাম নক্ষত্র। সে এখন পড়ছে দ্বিতীয় শ্রেণিতে। তার একটি ছোট বোন রয়েছে।

সন্ধ্যা হতে হতে তারা ফিরে যান মিরপুরে। তার আগ পর্যন্ত ছেলেকে যতদূর পারেন ক্লাসের পড়া দেখিয়ে দেন। অদম্য এই বাবা জানান, তার ছেলেকে নিজের অবস্থায় তিনি দেখতে চান না। ছেলে যেন নিজের ও দেশ-মানুষের জন্য কিছু করতে পারে সেই স্বপ্ন তার। বাবা ও ছেলের এই ছবিটি একটি গণমাধ্যমের প্রথম পাতায় স্থান পায়।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর