দিনাজপুরের চারুবাবুর মোড় এলাকায় কবির ফার্মেসীর বিরুদ্ধে অবৈধ নেশা জাতীয় ওষুধ বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় ৫০ হাজার টাকা জরিমানা ও ৫ দিন ফার্মেসী বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ভোক্তা অধিকা সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের উপপরিচালক মমতাজ রুনী।
গত বৃহস্পতিবার থেকে আগামী ৫ দিন কবির ফার্মেসী বন্ধ থাকবে মর্মে ভোক্তা অধিকারের এক আদেশে বলা হয়েছে। এছাড়াও কবির ফার্মেসীকে বার বার সর্তক করার পরেও নিষিদ্ধ পেন্টাডল বিক্রি ও অন্যের ধার করা লাইসেন্স দিয়ে ফার্মেসী চালুর অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানাসহ ৫ দিনের জন্য দোকান বন্ধ রাখতে বলা হয়েছে।
এছাড়াও একই দিনে শহরের এঞ্জেল বিউটি পার্লার প্রতিশ্রুত সেবা যথাযথভাবে সরবরাহ করতে না পারায় প্রতিষ্ঠানটিকে সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।
জানা যায়, দিনাজপুর জেলা প্রশাসকের নির্দেশনা ছিল দিনাজপুর শহরে তিনটি দোকান ছাড়া পেন্টাডল ওষুধ কেউ বিক্রি করতে পারবে না এবং যারা এই ওষুধ নিবেন তাদের অবশ্যই চিকিৎসকের প্রেসক্রিপশন নিয়ে আসতে হবে। কিন্তু শহরের চারুবাবুর মোড় এলাকার কবির ফার্মেসী নেশাখোরদের কাছে ১০ টাকার পেন্টাডল ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি করে আসছিল।
এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের উপপরিচালক মমতাজ রুনী বলেন, ‘আমি এর আগেও কয়েকবার কবির ফার্মেসীকে সর্তক করে আসছিলাম কিন্তু তারা আমার কোন কথায় কর্ণপাত করেনি।
এছাড়াও তারা যে দোকানের লাইসেন্স আমাকে দেখিয়েছে সেটাও তাদের কারো নামে নেই। অন্যের ধার করা লাইসেন্স দিয়ে তারা ফার্মেসী চালাচ্ছে। এজন্যই ভোক্তা অধিকার আইনের ৪৫ ধারায় কবির ফার্মেসীকে ৫০ হাজার টাকা জরিমানাসহ ৫ দিন দোকান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।’
বার্তাবাজার /এইচ.আর