ময়মনসিংহ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রী-সন্তানকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী শফিকুল ইসলাম শাহিনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের ঘাইটাল থেকে তাকে গ্রেফতার করে কোতয়ালী মডেল থানা ও গোয়েন্দা পুলিশের ২টি দল। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল রাতে কিশোরগঞ্জ শহরের জামিয়া রোডের একটি বাসায় আত্মগোপন করে ঘাতক শফিকুল ইসলাম শাহিন। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান নিশ্চিত করে কোতয়ালী মডেল থানা ও গোয়েন্দা পুলিশের ২টি দল অভিযান চালায়। পালোনর জন্য কিশোরগঞ্জের ঘাইটাল বাসস্টেন্ড এলাকায় অবস্থান কালে জেলা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে।
এর আগে বুধবার সন্ধ্যায় সদর উপজেলার খাগডহর ইউনিয়নের ফকিরবাড়িতে এ হত্যাকাণ্ড হয়। নিহতরা হলেন শফিকুলের স্ত্রী রুমা আক্তার (৩৮) ও মেয়ে নাফিয়া আক্তার (১২)।
এ ঘটনায় আহত বড় মেয়ে সাদিয়া আফরিন লাবণ্যকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নিহতের মেয়ে সাদিয়া আফরিন লাবণ্য বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।
বার্তাবাজার/এমকে