রাখাইন থেকে উদ্বাস্তু হয়ে পালিয়ে এসে কক্সবাজারের বিভিন্ন এলাকায় আশ্রিত রোহিঙ্গা জনগোষ্টিদের নিরাপদ আশ্রয় ও স্থানীয় জনগোষ্টিকে তাদের প্রভাব থেকে নিরাপদ রাখতে আশ্রয় শিবিরে কাঁটা তারের বেড়া নির্মান কার্যক্রম পরিদর্শনে এসেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। রোহিঙ্গা দ্বারা প্রভাবিত ও ক্ষতিগ্রস্থ স্থানীয়দের নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দেয়ার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন তিনি।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) বেলা ১টা নাগাদ উখিয়ার কুতুপালং ও লম্বাশিয়া ক্যাম্প পরিদর্শন শেষে আশ্রয় শিবিরে কর্মরত সংশ্লিষ্ট কর্মকর্তা ও সেনা কর্মকর্তাদের সাথে বৈঠকে তিনি এসব কথা বলেন।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী বার্তা বাজারকে জানান- সেনা প্রধান বেলা ১২ টায় সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টার যোগে কুতুপালং আশ্রয় শিবির সংলগ্ন হেলিপ্যাডে অবতরন করেন।
এসময় শরনার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মাহবুবুল আলম তালুকদার, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক সরওয়ার কামাল, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী ও উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর সেনা প্রধানকে ফুলের তোড়া দিয়ে অভ্যার্থনা জানান।
পরে সেনাপ্রধান কুতুপালং ও লম্বাশিয়া রোহিঙ্গা শিবিরে নির্মাণাধীন কাঁটাতারের বেড়ার কাজ পরিদর্শন শেষে উখিয়া ডিগ্রী কলেজ সংলগ্ন এলাকায় আর্মি কো-অডিনেশন কর্মকতার্দের উদ্যেশ্যে রাষ্ট্রীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ব্রিফিং দেন। শিবিরে কাঁটাতারের বেড়া নির্মাণে স্থানীয় জনগনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে গুরুত্বসহকারে বিবেচনার নির্দেশনা দেন। সব শেষে বেলা দেড়টা নাগাদ হেলিকপ্টার যোগে সেনাপ্রধান উখিয়া ত্যাগ করেন।
বার্তাবাজার/এমকে