সাতক্ষীরা সদর উপজেলার ১ নং বাঁশদহা ইউনিয়নের দূর্নীতিবাজ ও সন্ত্রাসী চেয়ারম্যান এস.এম মোশারফ হোসেনের শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
বাঁশদহা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য আব্দুল কাদেরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্যে রাখেন, বীর মুক্তিযোদ্ধা হাসানুল ইসলাম, রবিউল ইসলাম, সফেদ অলী, ৫ নং ওয়ার্ড সদস্য কামরুল ইসলাম, ৮নং ওয়ার্ড সদস্য মুহসিন আলী, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন প্রমুখ।
বক্তারা বলেন, দূর্নীতিবাজ চেয়ারম্যান মোশারফ হোসেন দীর্ঘদিন ধরে বাঁশদহা ইউনিয়নে নানা অনিয়ম দূর্নীতি চালিয়ে যাচ্ছেন। তিনি কাউকে তোয়াক্কা না করে তার ইউনিয়নের বিভিন্ন প্রকল্পের টাকা একাই লুটপাট করে খাচ্ছেন।
এর প্রতিবাদ জানিয়ে তার পরিষদের পুরুষ ও মহিলাসহ ৭ জন সদস্য সরকারের বিভিন্ন দপ্তরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য লিখিত আবেদন জানালে এতে তিনি ক্ষিপ্ত হন।
একপর্যায়ে ওই দূর্নীতিবাজ চেয়ারম্যান ও তার সস্ত্রাসী বাহিনী গত মঙ্গলবার তার পরিষদের মধ্যে ফেলে উক্ত ৭ ইউপি সদস্যকে বেদম মারপিট করেন। বক্তারা এ সময় এই মারপিটের তীব্র নিন্দা জানিয়ে উক্ত দূর্নীতিবাজ ও সন্ত্রাসী চেয়ারম্যান মোশারফ হোসেনের শাস্তির জোর দাবী জানান।
বার্তাবাজার/এইচ.আর