তিতাসে প্রধান শিক্ষককে হত্যার চেষ্টার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের ৬৬নং দড়িকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহেরকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টার প্রতিবাদে মানব বন্ধন করেছে ওই ইউনিয়নের ১৩ টি স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ইউনিয়নের ইসলামাবাদা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত মানব বন্ধনে ইসলামাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেরা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন রঘুনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামসুউদ্দিন আখন,কদমতলী সঃপ্রাঃবিঃ প্রধান শিক্ষক আয়নার নাহার,রতনপুর সঃপ্রাঃবিঃ প্রধান শিক্ষক আফরোজা আক্তার, ইসলামাবাদ সঃ প্রাঃ বিঃ সহকারী শিক্ষক হযরত আলী, ওই ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি মো. রফিকুল ইসলাম,মোস্তফা খান ও বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী শাহদাত হোসেন শান্ত প্রমূখ।

এসময় বক্তারা বলেন প্রধান শিক্ষক আবু তাহেরকে হত্যার চেষ্টায় জরিতদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। এর আগে বুধবার দুপুরে তিতাস উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ৯৩টি স্কুলের প্রধান শিক্ষকগণ মানব বন্ধন করেছেন।

উল্লেখ্য ৬ জানুয়ারী সকাল আনুমানিক ১০টায় বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে হত্যার চেষ্টা করে একই গ্রামের মৃত নজুমুদ্দিন মোল্লার ছেলে রাসেলসহ আরো অজ্ঞাত ৪/৫জন। এঘটনায় আবু তাহের বাদী হয়ে রাসেল ও তার বড় ভাই গোলাম মোস্তফার নাম উল্লেখ করে এবং আরো ৪/৫জনকে অজ্ঞাত রেখে তিতাস থানায় একটি মামলা করেছেন।

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর