সিটি নির্বাচন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটের দিন পরিবর্তনের নির্দেশনা চেয়ে করা রিট খারিজের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়েছে।

আবেদনে ৩০ জানুয়ারি নির্বাচন স্থগিত চাওয়ার পাশাপাশি ভোটগ্রহণের জন্য নতুন তারিখ নির্ধারণ করার জন্য আর্জি জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী অশোক কুমার ঘোষ এ আবেদন করেন। আগামী রবিবার আপিল বিভাগের চেম্বার আদালতে এ বিষয়ে শুনানি হতে পারে।

এর আগে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটের দিন পরিবর্তনের নির্দেশনা চেয়ে যে রিট করা হয়েছিল গত ১৪ জানুয়ারি তা সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। আদালত বলেন, ‘সামনে এস এস সি পরীক্ষা, তাই নির্বাচন পেছানোর সুযোগ নেই।’

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালত আরো বলেন, ‘সরকার আগে ২৯ জানুয়ারি সরস্বতী পূজার জন্য সরকারি ছুটির দিন নির্ধারণ করেছে। তখন রিট পিটিশনারসহ কেউ আপত্তি করেননি।’

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত ও আইনজীবী অশোক কুমার ঘোষ। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী তৌহিদুল ইসলাম।

এর আগে গত রবিবার ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটের দিন পরিবর্তনের নির্দেশনা চেয়ে করা রিট আবেদন কার্যতালিকা থেকে বাদ দেন হাইকোর্টের অন্য একটি বেঞ্চ।

গত ৫ জানুয়ারি সরস্বতী পূজার কারণে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের নির্ধারিত তারিখ পেছানোর জন্য রিট করেন আইনজীবী অশোক কুমার ঘোষ। সূত্র: জনকণ্ঠ

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর