পাকিস্তানে তুষারধসে মৃতের সংখ্যা বেড়ে ৯৩

পাকিস্তানে চলমান তুষারধসে মৃতের সংখ্যা বেড়ে ৯৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৭৬ জন। এখনো নিখোঁজ রয়েছে অনেকে। এদিকে, তুষারধসে ক্ষতিগ্রস্তদের সবধরনের মানবিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তান ছাড়াও তুষারধসে বিপর্যস্ত আফগানিস্তান ও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর।

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে তুষারের নিচে আটকা পড়া একজনকে উদ্ধারে কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা। বুধবার এভাবেই বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়। ভারি বৃষ্টিপাতের পর নিলম উপত্যকায় এ তুষারধসে অনেক গ্রামবাসী আটকা পড়েছে বলে জানায় সংবাদমাধ্যম ডন।

কর্তৃপক্ষ জানায়, তুষারধসের কারণে পাকিস্তানজুড়েই হতাহতের ঘটনা ঘটেছে। বেলুচিস্তান ও পাঞ্জাব প্রদেশে কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও সবচেয়ে বেশি মানুষ মারা গেছে আজাদ কাশ্মীরে।

আজাদ কাশ্মীরের মুখপাত্র বলেন, তুষার ও ভূমিধসের কারণে বেলুচিস্তানে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এখনো অনেকেই নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী।

গেল রোববার ও সোমবারের তুষারধসের কারণে পাঞ্জাব ও বেলুচিস্তান প্রদেশের বেশ কয়েকটি মহাসড়ক বন্ধ হয়ে গেছে। এতে বিপাকে পড়েছে মানুষ।

তারা বলছে, তিনদিন ধরে রাস্তার করুণ অবস্থা। গাড়ি ঠিকমতো চালানো যাচ্ছে না। যেকোনো সময় বড় বিপদ ঘটতে পারে। তুষার সরাতে জোড়ালো কাজ করছে না তারা।

এদিকে, তুষারধসে হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এক টুইট বার্তায় ক্ষতিগ্রস্তদের সবধরনের মানবিক সহায়তা দেয়ার ঘোষণাও দেন তিনি।

ভারত:
তুষারধসের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের জনজীবন। রাজ্যটির কুপওয়াতে তুষারধসে হতাহতের ঘটনাও ঘটেছে।

আফগানিস্তান:
এদিকে, আফগানিস্তানে তুষারপাতে হতাহতের সংখ্যা বেড়েছে। তাপামাত্রা অনেক কমে যাওয়ায় জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। এছাড়াও রাস্তায় তুষার জমে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর