কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গা নিহত হয়েছেন। বুধবার (১৫ জানুয়ারী) ভোরে শাপলাপুর মেরিন ড্রাইভ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের হোসাইন শরীফের ছেলে আবুল হাশিম (৩০) একই ক্যাম্পের শামশুল আলমের ছেলে মোহাস্মদ আইয়ুব (২৪)। উভয়ই চিহ্নিত মাদক কারবারী বলে দাবী করেন র্যাব-১৫ এর (সিপিসি-২) টেকনাফের হোয়াইক্যং ক্যাম্পের ইনচার্জ এএসপি শাহ আলম।
তিনি জানান, বুধবার ভোরে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ শামলাপুর এলাকায় একটি ইয়াবা চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল শাপলাপুর মেরিন ড্রাইভে অভিযান পরিচালনা করে। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদককারবারীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়লে র্যাবের ৩ সদস্য আহত হয়। জবাবে র্যাবও পাল্টা গুলি ছোঁড়লে তারা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে ১০হাজার ইয়াবা ২টি দেশীয় বন্দুক, ৫রাউন্ড কার্তুজ ও ৬টি কার্তুজের খালি খোসাসহ গুলিবিদ্ধ অবস্থায় আবুল হাসিম ও মো. আয়ুবকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, লাশ দু’টি ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় আইনী মামলার প্রস্তুতি চলছে।
বার্তাবাজার/কে.জে.পি