নকলায় ৩ হাজার ইয়াবাসহ র‌্যাবের হাতে মাদকব্যবসায়ী আটক

শেরপুরের নকলায় ৩ হাজার ৫০ পিস ইয়াবাসহ নূরে আলম (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে মঙ্গলবার রাতে পৌর শহরের বাজারদী এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। নূরে আলম কুড়িগ্রামের রৌমারী উপজেলার মহিলা কলেজপাড়া এলাকার সুলতান মিয়ার ছেলে। রাতেই তাকে নকলা থানায় সোপর্দ করা হয়েছে।

জানা যায়, গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ (পাবনা) সিপিসি-২ এর এএসপি আমিনুল কবির তরফদারের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল নকলা পৌর শহরের বাজারদী এলাকায় অভিযান চালিয়ে রাত সোয়া ৮টার দিকে স্থানীয় আবু বক্কর সিদ্দিকীর দোকানের সামনের রাস্তা থেকে ৩ হাজার ৫০ পিস ইয়াবাসহ নুরে আলমকে গ্রেফতার করে। জব্দকৃত ইয়াবার মূল্য প্রায় প্রায় ১৫ লক্ষ টাকা।

র‌্যাবের এসআই সামিউল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূরে আলম একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করেছে এবং জব্দকৃত ইয়াবাগুলো সে নিজ এলাকা থেকে এই এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিল। ঐ ঘটনায় অভিযোগ ও আলামতসহ নূরে আলমকে নকলা থানায় সোপর্দ করা হয়েছে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ জানান, র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া যুবককে অভিযোগসহ থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা গ্রহণের প্রস্তুতি চলছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর