ভাগ্নীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায়, মামাকে কুপিয়ে হত্যা

রাজশাহীর বাঘা উপজেলায় ভাগ্নীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মামা নাজমুল হোসেনকে (৩০) প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ছাত্রীর বাবা এবং ভাই আহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার সুলতানপুর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সুলতানপুর গ্রামের শাহাজান আলীর মেয়ে ও খানপুর জেপি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী তাজনিন তাবাসুম বৈশাখীকে (১৫) একই এলাকার মোহাম্মদ ভোলা প্রামাণিকের ছেলে সুমন আলী প্রায়ই রাস্তাঘাটে উত্ত্যক্ত করে। বিষয়টি বৈশাখী তার পরিবারকে জানায়। তাতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার বিকালে বৈশাখীদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় সুমন অশ্লীল কথাবার্তা বলে আবারও তাকে উত্ত্যক্ত করে।

বৈশাখী আবারও বিষয়টি তার পরিবারের সদস্যদের জানায়। এরপর তার মামা নাজমুল সুমনের বাবা ভোলা প্রামাণিকের কাছে নালিশ দেন। এতে ক্ষিপ্ত হয়ে রাত সাড়ে আটটার দিকে ১০-১৫ জনের একটি দল নিয়ে সুমন ওই ছাত্রীর বাড়ি ঘেরাও করে পরিবারের সদস্যদের মারধর শুরু করে। ছাত্রীর মামা এগিয়ে আসলে তাকে ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করে। এসময় ছাত্রীর বাবা শাজাহান আলী এবং ভাই তারিকুল ইসলাম তুষারও ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে রাত সাড়ে নয়টার দিকে নাজমুলের মৃত্যু হয়।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘বিষয়টি জানার পর সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য পুলিশের কয়েকটি টিম অভিযান শুরু করেছে। নিহত নাজমুলের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।’

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর