ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।মেলায় উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে লাল ফিতা কেটে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম জাহিদুল হাসান।উদ্বোধন শেষে মেলার স্টল ঘুরে দেখেন অনুষ্ঠানের অতিথিরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-পৌর মেয়র সাইফুর রহমান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম আকরাম হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আওয়াল আকন, উপজেলা কৃষি কর্মকর্তা রিপন প্রসাদ সাহাসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী ও উপজেলার কর্মরত গণমাধ্যম কর্মীগণ।
মেলায় আসা শিক্ষার্থীরা জানান, ‘বিজ্ঞান মেলা উপলক্ষে আমরা ছোট ছোট প্রয়োজনীয় প্রকল্প ও প্রকল্পের মডেল নিয়ে এখানে এসেছি।নিজেদের মডেলের পাশাপাশি অন্য শিক্ষার্থীদের মডেল দেখে আমরা অনুপ্রাণিত হচ্ছি।’
শিক্ষার্থীরা তাদের নিজ নিজ স্টলে উদ্ভাবিত যন্ত্র বা প্রযুক্তির কর্মপদ্ধতি সম্পর্কে দর্শনার্থীদের ধারণা দেয়।
বার্তাবাজার/এইচ.আর