রামগঞ্জে সমবায় কর্মকর্তার উপর হামলা

রামগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেনের উপর হামলা চালিয়েছে কামাল উদ্দিনের নেতৃত্বে এক দল সন্ত্রাসী। সোমবার সন্ধায় উপজেলার ৬নং লামচর ইউনিয়নের ফহেতপুর গ্রামের দীঘির দক্ষিন পূর্ব পাড়ে এ ঘটনা ঘটেছে ।

সৃষ্ট ঘটনায় রামগঞ্জ থানায় কামালকে আসামী এবং সমবায় কর্মকর্তার ভাই বেলাল হোসেনকে বাদী করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সমবায় কর্মকর্তা আনোয়ার হোসেন উপজেলার ৮নং করপাড়া ইউনিয়নের গাজীপুর গ্রামের মুজাফফর চেয়ারম্যানের ছেলে। হামলাকারী কামাল উদ্দিন লক্ষ্মীপুর সদর উপজেলার ১নং হামছাদী ইউনিয়নের হাসুন্দী গ্রামের চৌধুরী বাড়ির মৃত আলী আজ্জমের ছেলে।

স্থানীয় সূত্র জানা যায়, রামগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন প্রতিদিনের ন্যায় অফিস শেষ করে নিজ বাড়ি ফেরার পথে ফতেহপুর দীঘিরপাড়ে পৌছলে পূর্ব থেকে ওতপেতে থাকা কামাল উদ্দিন ও তার লোকজন রাস্তায় ব্যারিকেট দেয়। এসময় কামাল দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে সমবায় কর্মকর্তা আনোয়ার হোসেনের উপর এলোপাতাড়ি পিটিয়ে সঙ্গে থাকা মোটর সাইকেল ছিনতাই করে নিয়ে যায়।

একপর্যায়ে ওই কর্মকর্তা দৌড়ে দীঘিরপাড়ে মাইঝের বাড়ির মিনুর বসতঘরে গিয়ে অশ্রয় নেয়। পরে পুলিশের সহযোগীতায় রামগঞ্জ ফাড়ি থানার ইনচার্জ মোঃ এমদাদ হোসেন ও এএসআই জসিম উদ্দিন ঘটনাস্থলে গিয়ে সমবায় কর্মকর্তাকে উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করেন।

এ ব্যাপারে রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মামলার প্রস্তুতি চলছে এবং কামাল উদ্দিনকে গ্রেপ্তার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও সমবায় কর্মকর্তার ব্যবহৃত মোটরসাইকেলটি সোমবার রাতেই উদ্ধার করেছে পুলিশ।

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর