গুলিতে নিহত সাবুলের মরদেহ ৩ দিন পর ফেরত দিলো বিএসএফ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত সাবুল ইসলামের (৪৬) মরদেহ ৩ দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষাবাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে পাড়িয়া বিজিবি’র সদস্যদের কাছে সাবুলের মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান বালিয়াডাঙ্গী থানার উপ-পরিদর্শক রাসেদুল ইসলাম।

উপ-পরিদর্শক রাসেদুল ইসলাম তিনি জানান, সাবুলের মরদেহ তার পরিবারের কাছে একই দিনে দুপুরে হস্তান্তর করা হয়েছে। নিহত সাবুল উপজেলার আমজানখোর ইউনিয়নের তারাঞ্জুবাড়ী গ্রামের রমিজ উদ্দীনের ছেলে।

এর আগে গত ১১ জানুয়ারি ভোর রাতে পাড়িয়া সীমান্তের ৩৮৪ নং পিলার সংলগ্ন এলাকার তার কাটার বাহিরে এবং ভারতীয় বারোঘড়িয়া ক্যাম্পের অভ্যন্তরে অবৈধপথে ভারতে প্রবেশের সময় বিএসএফ গুলি ছুড়লে নিহত হন সাবুল। পরে বিএসএফ সদস্যরা ময়নাতদন্তের জন্য ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠান।

ওইদিন পাড়িয়া বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আলতাফ আলী নেতৃত্বে দুই দেশের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে সাবুলের লাশ ফেরত চায় বিজিবি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর