অভিযান চালিয়ে ইয়াবাসহ মা ও ২ সন্তান আটক

পিরোজপুরের মঠবাড়িয়ায় অভিযান চালিয়ে ১ হাজার ৩০০ পিস ইয়াবাসহ মাসহ তার দুই সন্তানকে আটক করেছে পুলিশ।

তারা হলেন- পৌর সভার ৩নং ওয়ার্ড দক্ষিণ মিঠাখালী এলাকার রতন হাওলাদারের স্ত্রী নুর জাহান বেগম (৫৮), তার মেয়ে আসমা আক্তার (২১) ও ছেলে হাসান মিয়া (১৮)।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের দক্ষিণ বন্দর স্লুইজ গেট এলাকা থেকে তাদেরকে ধরা হয় বলে জানায় পুলিশ।

মঠবাড়িয়া থানার এসআই শাহানাজ পারভীন জানান, পৌর শহরের দক্ষিণ বন্দার স্লুইজ গেট এলাকার রতন হাওলাদারের স্ত্রী নুরজাহান ও মেয়ে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ফোর্স নিয়ে বিকেলে অভিযান চালিয়ে মা-মেয়ে ও ছেলেকে ইয়াবাসহ আটক করা হয়।

তিনি আরও জানান, নুরজাহানের ছেলে এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী এবং সে কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবাসহ মাদক এনে এসব এলাকায় বিক্রি করে আসছিল বলে জানা গেছে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান জানান, এ ঘটনায় এসআই শাহানাজ পারভীন বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। আটককৃতদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর